মৌসুমের শুরু থেকে চোটে ভুগছেন লিওনেল মেসি। চোট কাটিয়ে ফিরলেও আবারও মাঠের বাইরে চলে যেতে হয়েছিল আর্জেন্টাইন তারকাকে। মেসির সুস্থতার জন্য বার্সেলোনাকে বিশ্রাম দেওয়ার পরামর্শ রিভালদোর।
বার্সেলোনার প্রাক-মৌসুম প্রস্তুতিতে ছিলেন না মেসি। মৌসুমের শুরুতেও কাতালানরা তাকে পায়নি পায়ের ইনজুরির কারণে। বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচ দিয়ে মাঠে ফিরলেও ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগার ম্যাচে পড়েন ঊরুর চোটে। এই অবস্থায় মেসিকে পুরোপুরি ফিট পেতে তার ওপর থেকে কাজের চাপ কমানোর পক্ষে কথা বলেছেন বার্সেলোনার সাবেক তারকা রিভালদো।
ইন্টার মিলানের বিপক্ষে ঘুরে দাঁড়ানো জয় পেয়েছে বার্সেলোনা। মেসি গোল না পেলেও লুই সুয়ারেসের করা দুটো লক্ষ্যভেদেই অবদান আছে তার। স্প্যানিশ চ্যাম্পিয়নদের জন্য আর্জেন্টাইন অধিনায়ক কতটা গুরুত্বপূর্ণ, সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু সব ম্যাচেই তাকে খেলানো উচিত নয় বলে মনে করেন রিভালদো।
লা লিগার সামনের ম্যাচে সেভিয়ার মুখোমুখি হবে বার্সেলোনা। রবিবার কাতালানদের এই ম্যাচে মেসিকে বিশ্রামে রাখার পরামর্শ দিয়েছেন রিভালদো। সাবেক ব্রাজিলিয়ান প্লে মেকার বলেছেন, ‘ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচের পর আমার আরও ভালোভাবে নজরে এসেছে ক্যারিয়ারের এই পর্যায়ে এসে মেসির কতটা যত্ন নেওয়া উচিত। ওর পুরোপুরি সুস্থ হওয়া দরকার, যাতে কোনও রকম ব্যথা অনুভব না করে এবং প্রত্যেকটি বলের জন্য লড়াই করতে না হয়।’
সঙ্গে যোগ করেছেন, ‘রবিবার সেভিয়ার বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। আর এখানে অবশ্যই মেসি খেলতে চাইবে। কিন্তু এই পরিস্থিতিতে মেডিকেল স্টাফদের বুঝতে হবে চোট কাটিয়ে ফেরার পর তার খুব বেশি খেলা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে। মেসিকে বিশ্রামে রাখা উচিত।’ গোল ডটকম







