রিয়াল মাদ্রিদের মেডিক্যাল স্টাফদের এবার ব্যস্ত মৌসুম কাটছে। স্প্যানিশ জায়ান্টদের চোটের তালিকায় এবার নাম লিখলেন জার্মান মিডফিল্ডার টনি ক্রুস।
রিয়াল জানিয়েছে, মাংসপেশীর সমস্যায় ভুগছেন ক্রুস। অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে যেতে হচ্ছে তাকে। শনিবার গ্রানাদার বিপক্ষে ৪-২ গোলের জয়ে ৩৪ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। তার বদলি হয়ে লুকা মদরিচ করেন দলের তৃতীয় গোল।
ঊরুর মাংসপেশীতে টান পড়েছে ক্রুসের। চোট কতটা গুরুতর এখনও জানা যায়নি। মাত্র গ্রেড ওয়ান হলে দুই সপ্তাহর মধ্যে সেরে উঠতে পারেন রিয়াল মিডফিল্ডার। আর গ্রেড থ্রি হলে মাসখানেকের জন্য ছিটকে যেতে পারেন।
রিয়াল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বিবৃতি দিয়েছে, ‘আজ (রবিবার) রিয়াল মাদ্রিদের মেডিক্যাল টিম টনি ক্রুসের চোটের পরীক্ষা করেছে। তার বাঁ পা চোটাক্রান্ত হয়েছে। তার সেরে ওঠার প্রক্রিয়া চলমান থাকবে।’
মাংসপেশীর ইনজুরিতে এবার বেশি ভুগছে রিয়াল। মার্কো আসেনসিও, নাচো, ফারল্যান্ড মেন্দি ও মার্সেলোর সঙ্গে মাঠের বাইরে যেতে হচ্ছে মদরিচকে। এর আগে মৌসুমের শুরুতে চোটের কারণে মাঠের বাইরে থাকতে হয়েছিল মদরিচ, ইসকো, লুকা জোভিচ, গ্যারেথ বেল ও ফেদেরিকো ভালভারদেকে। গোল ডটকম








