সোনালি দিন ফিরিয়ে আনার ইঙ্গিত ইন্টার মিলানের। যদিও মিলানের ক্লাবটি এখনও সিরি ‘এ’ শিরোপা জেতার পর্যায়ে পৌঁছাতে পারেনি বলে মনে করেন কোচ আন্তোনিও কন্তে। সান সিরোতে মৌসুমের প্রথম হারের পর জুভেন্টাসের সঙ্গে ইন্টারের তুলনায় আপত্তি তার।
রবিবার ডার্বি দি’ইতালিয়ায় ঘরের মাঠে জুভেন্টাসের কাছে ২-১ গোলে হেরেছে ইন্টার। চতুর্থ মিনিটে দেওয়া পাউলো দিবালার গোল ১৮ মিনিটে শোধ করে দেয় ইন্টার লাউতারো মার্তিনেসের লক্ষ্যভেদে। কিন্তু শেষ মুহূর্তে গনসালো হিগুয়েইন জাল খুঁজে পেলে জয়ের আনন্দে মাতে তুরিনের ক্লাবটি। তাতে চলতি সিরি ‘এ’ মৌসুমে প্রথম হারের মুখ দেখে ইন্টার, বিপরীতে টানা আটবারের চ্যাম্পিয়ন জুভেন্টাস ফিরেছে শীর্ষে।
আলোকিত পারফরম্যান্সে মৌসুম শুরুর করা ইন্টারকে নিয়ে গর্বিত কোচ কন্তে। তবে জুভেন্টাসের সঙ্গে তার দলকে কোনোভাবেই তুলনা করতে রাজি নন। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাবেক চেলসি কোচ বলেছেন, ‘নিশ্চিতভাবেই আমরা অনেক ভালো করছি, সেটা এমনকি (চ্যাম্পিয়নস লিগে) বার্সেলোনায় ২ গোল হজম করার পরও।’
সঙ্গে যোগ করেছেন, ‘আমি আবারও বলছি, আমরা গড়ে তুলছি তরুণ খেলোয়াড়দের, যারা অভিজ্ঞতা বাড়ানো ও যে কোনও পরিস্থিতি মোকাবিলার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে। আমাদের কাজ করাটা জরুরি, এখানে কোনও শর্টকার্ট পথ নেই।’
জুভেন্টাসের সঙ্গে দ্বৈরথ নিয়ে কন্তের বক্তব্য, ‘আমরা অবশ্যই নিজেদের জুভেন্টাসের সঙ্গে তুলনা করব না। সব দৃষ্টিভঙ্গি থেকে তারা আলাদা ক্যাটাগরির দল। আমরা গ্যাপের ব্যবধান কমাতে কাজ শুরু করেছি।’
সান সিরোর ফলের পর ইতালিয়ান লিগে একমাত্র দল হিসেবে অজেয় থাকলো কেবল জুভেন্টাস। আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে দ্বিতীয় স্থানে থাকা ইন্টারের চেয়ে ১ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে বসেছে বর্তমান চ্যাম্পিয়নরা। গোল ডটকম







