বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সহ-সভাপতি ও যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ শনিবার বিকেলে মেয়েদের অনূর্ধ্ব-১৬ ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেছেন।
এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কাজী নাবিল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়েদের খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। তার পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের মেয়েরা খেলাধুলায় খুব ভালো করছে। তারা দেশের জন্য সম্মান বয়ে আনছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার বাবা লুৎফর রহমানও ফুটবল খেলতেন। বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল ফুটবলের বড় অনুরাগী ছিলেন।’
কাজী নাবিল প্রশিক্ষণে অংশগ্রহণকারী মেয়েদের উদ্দেশে বলেন, ‘তোমরা যশোরে আবাসিক প্রশিক্ষণে এসেছো, তোমাদের স্বাগত। আগামী দুই মাস তোমরা এখানে নিবিড় প্রশিক্ষণ নেবে হাসিখুশি মনে, সুস্থ শরীরে। তোমাদের মধ্যে থেকেই তৈরি হবে আগামী দিনের তারকা ফুটবলার। তোমরাই বয়ে আনবে দেশের সুনাম।’
তিনি আরও বলেন, ‘তোমরা জানো, সাম্প্রতিক সময়ে আমাদের মেয়েরা ফুটবল ও ক্রিকেটে দারুণ সাফল্য পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের উৎসাহ দিয়েছেন, পুরস্কৃত করেছেন। তোমরা দেশে নারীর ক্ষমতায়নে ভালো ভূমিকা রাখতে পারবে।’ এই প্রশিক্ষণে সহযোগিতা করায় ইউনিসেফকে ধন্যবাদ দিয়ে তিনি বলেন, ‘আগামীতেও আপনারা এই সহযোগিতা অব্যাহত রাখবেন বলে আশা করছি।’
অনুষ্ঠানে ফিফা কাউন্সিলর সদস্য মাহ্ফুজা আক্তার কিরণ বলেন, ‘এই প্রথমবার যশোরে মেয়েদের প্রতিভা অন্বেষণে আবাসিক প্রশিক্ষণ শুরু হয়েছে। দেশের ১৯টি জেলা থেকে ৮৩ জন মেয়ে এই প্রশিক্ষণে অংশ নেবে। এখান থেকেই প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে, যারা দেশের মুখ উজ্জ্বল করবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক আইজিপি আব্দুর রউফ, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুর রউফ, অতিরিক্ত পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম পিপিএম, ইউনিসেফের প্রতিনিধি ইফতেখার আহমেদ চৌধুরী, যশোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান মিঠু।
প্রসঙ্গত, যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে দুইমাস ব্যাপি মেয়েদের অনূর্ধ্ব-১৬ ফুটবল প্রশিক্ষণ (আবাসিক) হবে। ইতোমধ্যে যশোর সহ ১৪টি জেলার মেয়েরা ক্যাম্পে এসেছে। আগামী সপ্তাহের মধ্যে অন্য ৫ জেলার মেয়েরা পৌঁছে যাবে বলে জানিয়েছেন আয়োজকরা।








