১৯৯৪ সালের সেই দুঃসহ স্মৃতি হয়তো ভুলেই যেতে চাইবে ল্যাতিন অামেরিকার দেশ কলম্বিয়া। কারণ সেবার এক কলঙ্কজনক ঘটনার জন্ম দিয়েছিল কলম্বিয়া। ১৯৯৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলের আসরটা হৃদয়ে অনিরাময়যোগ্য ক্ষত হয়ে অাছে কলম্বিয়ার মানুষের কাছে। বাছাই পর্বে উড়ন্ত পারফর্ম করে বিশ্বকাপ খেলতে গিয়েছিল কার্লোস ভালদেরামার দল। কিন্তু ওই বিশ্বকাপেই অপেক্ষা করছিল দেশটির এবং ফুটবল বিশ্বের জন্য ভয়ংকর এক অভিজ্ঞতা। সেবারের কলম্বিয়া দলটি বেশ শক্তিশালীই ছিল। নিজেদের অঞ্চলের চ্যাম্পিয়ন দল হয়েই মার্কিন মুল্লুকে পা রেখেছিল কার্লোস ভালদেরামার দল। এমনকি বাছাই পর্বে আর্জেন্টাইনদের তাদেরই মাটিতে হারিয়েছিল ৫-০ গোলে! যাহোক, তখনকার ফুটবল বিশ্ব শাসন করা সুপার স্টারদের অন্যতম ভালদেরামার নেতৃত্বে কলম্বিয়া মহাসমারোহে বিশ্বকাপ খেলতে যায়। এরপর রুমানিয়ার কাছে ৩-১ গোলের হারে বলা যায় চরম বোকা বনে যায় ভক্তরা। প্রতিশ্রুতশীল এই দলটির ব্যর্থতার পাত্র তখনও বুঝি খালি ছিল কিছুটা। তা পূর্ণ করতেই যেন পরের ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে ২-১ গোলে হেরে যায় সোনালী জার্সির দলটি। ওই খেলায় কলম্বিয়ার রক্ষণভাগের খেলোয়াড় আন্দ্রেস এসকোবারের আত্মঘাতী গোলটাই বড় হয়ে দেখা দেয় কলম্বিয়ানদের কাছে। প্রথম রাউন্ডেই বিদায় নেয় তারা। কিন্তু একটি আত্মঘাতী গোলের জন্য দায়ী 'হতভাগা' ব্যক্তিকে 'হত্যা করতে হবে'-- এমনটা কি কেউ ভেবেছিলেন! কিন্তু সেই ভয়াবহ হৃদয়বিদারক ঘটনাই ঘটে কলম্বিয়ার মাটিতে। বিশ্বকাপে হতাশাজনক পারফম্যান্সের পর মাথা নিচু করেই দেশে ফিরেছিল। এরপর আসে সেই কলঙ্কজনক দিন। ১৯৯৪ সালের অাজকের (২ জুলাই) নিজ শহর মেডেলিনে গুলি করে এসকোবারকে হত্যা করে অজ্ঞাত আততায়ী। ধারণা করা হয় উগ্র কলম্বীয় সমর্থকরা এই নির্মম ঘটনা ঘটায় যা সমগ্র বিশ্বকে চমকে দিয়েছিল। [caption id="attachment_25188" align="alignright" width="300"]এসকোবরকে হত্যার পর বিশ্বকাপের ১৯৯৪ সালের ফাইনালে এভাবেই এসকোবারকে শ্রদ্ধা জানায় কিছু ভক্ত এসকোবারকে হত্যার পর বিশ্বকাপ ১৯৯৪ সালের ফাইনালে এভাবেই তাকে শ্রদ্ধা জানায় কিছু ভক্ত[/caption]







