এসএ গেমস ফুটবলের ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প শুরু হওয়ার কথা ছিল গত বৃহস্পতিবার। কিন্তু বসুন্ধরা কিংস খেলোয়াড় না ছাড়ায় সেটা হয়নি। তাদের ৮ জন খেলোয়াড় আছেন এই টুর্নামেন্টের বাংলাদেশ দলে। অবশেষে তারা ছাড়পত্র পেয়েছেন। মঙ্গলবার দলের সঙ্গে যোগ দিচ্ছেন রবিউল-ইয়াসিনরা। পরের দিন বুধবার সকালে কাঠমান্ডুর বিমানে উঠবে বাংলাদেশ। তাতে মিলছে মাত্র চার দিনের প্রস্তুতি নেওয়ার সুযোগ।
এসএ গেমসের ২০ জনের দলের ৮ জনই বসুন্ধরার। নিজেদের প্রস্তুতির কারণে তারা এসএ গেমস ক্যাম্পে নির্ধারিত সময়ে খেলোয়াড় ছাড়তে পারেনি। এসএ গেমস ফুটবল দলের ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু নিশ্চিত করলেন যাওয়ার দিনক্ষণ, ‘আমরা আগামী বুধবার কাঠমান্ডু যাচ্ছি। সেখানে গিয়ে গেমসের প্রস্তুতি নিবো। চার দিনের প্রস্তুতি নিয়ে কাঠমান্ডুর আসরে ফল খারাপ হবে না।’
প্রস্তুতি অল্প সময় হলেও সমস্যা দেখছেন না তিনি, ‘এই খেলোয়াড়রা তো অনেক দিন ধরে ইংলিশ কোচের অধীনে আছে। এছাড়া তারা নিজেদের ক্লাবে অনুশীলনে থাকায় ফিটনেস নিয়েও সমস্যা হবে না। কোচ সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। আশা করছি, কাঠমান্ডুতে গিয়ে আমরা অনুশীলনে এনিয়ে আরও কাজ করতে পারবো।’
কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আগামী ১ থেকে ১০ ডিসেম্বর হবে এসএ গেমস ফুটবল। এরই মধ্যে নির্ধারণ হয়েছে গ্রুপ। বাংলাদেশ ‘এ’ গ্রুপে স্বাগতিক নেপাল ও ভুটানের সঙ্গে খেলবে। ‘বি’ গ্রুপে ভারত, মালদ্বীপ ও শ্রীলঙ্কা। দুই গ্রুপ থেকে সেরা দুটি করে দল খেলবে সেমিফাইনালে। সেখানে বিজয়ী দুই দল মুখোমুখি হবে সোনার লড়াইয়ে। সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল খেলবে ব্রোঞ্জ পদকের জন্য।








