নিষিদ্ধ খেলোয়াড়কে মাঠে নামানোয় স্প্যানিশ কোপা দেল রে’র এই মৌসুম থেকে বহিষ্কার করা হয়েছে রিয়ালকে। তবে, স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনে এই বহিষ্কারাদেশের বিপক্ষে আপিল করার সুযোগ পাচ্ছে রিয়াল। এ জন্য ১০দিন সময় হাতে পাচ্ছে তারা। সুযোগটা কাজে লাগাতে চাইছে রিয়াল মাদ্রিদ।
বহিষ্কারের ঘোষণা আসার পরই রিয়াল মাদ্রিদ জানিয়েছে তারা এর বিপক্ষে আপিল করবে। প্রথমে আপিল করতে হবে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের আপিল বিভাগেই। সেখানেও যদি রায় নিজেদের পক্ষে না পায়, তাহলে স্পেনের সর্বোচ্চ ক্রীড়া আদালতের স্মরণাপন্ন হবে রিয়াল।
ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ম্যাচের সময় স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শাস্তি কিংবা নিষেধাজ্ঞার বিষয়টি খেলোয়াড়কে জানানো হয়নি। এটাই অনেক বড় একটি পয়েন্ট। এই একটা বিষয়ই নিষেধাজ্ঞা থেকে মুক্তি দিয়ে দিতে পারে রিয়ালকে।’
/এমআর/








