মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য বয়সভিত্তিক আন্তর্জাতিক টুর্নামেন্ট সুপার মখ কাপে খেলতে সোমবার দেশ ছাড়ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১২ ও ১৩ ফুটবল দল।
অনূর্ধ্ব-১৩ দলের এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ম্যানচেস্টার সিটি, কোরিয়ান্থাস, গাম্বা ওসাকা, রায় ভালকানোর মতো ক্লাব। বাংলাদেশ অনূর্ধ্ব ১৩ দল পড়েছে বি গ্রুপে। বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার পোহাং স্টিলার্স, জাপানের গাম্বা ওসাকা ও থাইল্যান্ডের বুরিরাম ইউনাইটেড।
অনূর্ধ্ব-১৩ দলের দায়িত্ব পেয়েছেন প্রিমিয়ার লিগে কোচিং করানো অভিজ্ঞ কোচ জাকারিয়া বাবু। টুর্নামেন্টের প্রত্যাশা ও প্রস্তুতি সম্পর্কে তনি বলেন,‘ তিন সপ্তাহের প্রস্তুতি আমাদের। লক্ষ্য থাকবে সেরা ছয়ের মধ্যে থাকা।’ অনুর্ধ্ব ১২ পর্যায়ে বাংলাদেশ পড়েছে সি গ্রুপে। এখানে কোরিয়ার দুই ক্লাবের সঙ্গে রয়েছে, স্বাগতিক মালয়েশিয়ার দুই দল। অনুর্ধ্ব ১২ দল নিয়ে কাজ করছেন বাফুফের কোচ ও সাবেক জাতীয় ফুটবলার পারভেজ বাবু। তিনি বলেন, ‘আমরা যখন খেলতাম তখন অনূর্ধ্ব ১২ পর্যায়ের খেলা ছিল না। এখন এই পর্যায়েও প্রচুর খেলা হচ্ছে। এই টুর্নামেন্টের অভিজ্ঞতা ভবিষ্যতে ভালো খেলোয়াড় হতে সাহায্য করবে।’
অনুর্ধ্ব ১২ ও ১৩ দলের অধিনায়ক ইয়াসিন আরাফাত ও ফাহিম মোর্শেদ। দুজনই ভালো খেলার প্রত্যাশা ব্যক্ত করেছেন। মালয়েশিয়া সফরে দুইটি দলেরই পৃষ্ঠপোষক ম্যাক্স গ্রুপ। গত আসরেও ম্যাক্স গ্রুপ স্পন্সর ছিল। ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ আলমগীর বলেন, ‘আমরা দেশের ফুটবলের উন্নয়নে এ রকম কাজে সম্পৃক্ত হতে পেরে আনন্দিত। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখব।’
রবিবার বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহ সভাপতি আব্দুস সালাম মুর্শেদি সহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
/আরএম/এমআর/







