চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। মঙ্গলবার রাত পৌনে দুইটায় শুরু হওয়া ম্যাচে প্রতিপক্ষের মাঠে জার্মান দল ভলফসবুর্গের বিরুদ্ধে জিততে না পারলে টুর্নামেন্টর থেকে গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়তে পারে রেড ডেভিলরা।
হার কিংবা ড্র হলে পিএসভি ও সিএসকেএ মস্কো ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে ইউনাইটেডকে। ওই ম্যাচে সিএসকেএ মস্কোর বিপক্ষে আইন্দহোভেনকে হারতে হবে। কিন্তু উল্টো আইন্দহোভেন যদি মস্কোকে হারায় তবে নকআউট পর্ব থেকে ছিটকে প্রিমিয়ার লিগের ঐতিহ্যবাহী দলটি।
তবে এতো সব হিসেবের মধ্যে যেতে চান না ইউনাইটেড কোচ লুইস ফন গাল। তিনি বলেন, ভলফসবুর্গের বিপক্ষে আমাদের বড় ম্যাচে মুখোমুখি হতে হবে। ওল্ড ট্র্যাফোর্ডে আইন্দহোভেনের বিপক্ষে হতাশাজনক ড্রয়ের পর আমরা জানি যে নকআউট পর্বে উত্তীর্ণ হতে হলে আমদের জিততেই হবে।
তিনি বলেন, ম্যাচটি সহজ হবে না। কিন্তু আমরা জানি, জার্মানি থেকে জয় নিয়ে ফিরতে পারলে আমাদের শুধু শেষ ষোলই নিশ্চিত হবে না; সঙ্গে গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত হবে।
ভলফসবুর্গের বিপক্ষে জিততে পারলে গ্রুপ থেকে শীর্ষস্থান নিশ্চিত করার মধ্য দিয়ে শেষ ষোলতে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের মতো বড় দলগুলোকে এড়াতে সক্ষম হবে ম্যানচেস্টার ইউনাইটেড।
তবে ম্যানইউ বেশ হিসেব নিকাশে পড়ে গেরেও তাদের নগর প্রতিপক্ষ ম্যানসিটি নামছে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে। 'ডি' গ্রুপের শেষ ম্যাচে ম্যানুয়েল পেলেগ্রিনির শিষ্যরা খেলবে জার্মান ক্লাব বরুসিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে।
মঙ্গলবারের ম্যাচের আগে দুই বিপরীত মেরুতে দাঁড়িয়ে আছে ম্যানচেস্টার সিটি ও বরুশিয়া মনশেনগ্লাডবাখ। শনিবার প্রিমিয়ার লিগ ম্যাচে স্টোক সিটির কাছে হেরে শীর্ষস্থান হারিয়ে কিছুটা চাপের মুখে রয়েছে ম্যানুয়েল পেলেগ্রিনির সিটি। তাই ছন্দে ফেরার জন্যও ম্যাচটি গুরুত্বপূর্ণ দলটির জন্য।
অন্যদিকে চলতি মৌসুমে প্রথম দল হিসেবে জার্মান বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখকে হারিয়ে আত্মবিশ্বাসে টগবগ করছে বরুশিয়া মনশেনগ্লাডবাখ শিবির। শনিবার উড়তে থাকা বায়ার্নকে ৩-১ গোলে পরাজিত করে বরুশিয়া মনশেনগ্লাডবাখ।
/এমআর/







