অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে বসুন্ধরা কিংস। মেয়েদের ফুটবল লিগে সব বাধা পেরিয়ে একের পর এক ম্যাচ জিতে চলেছে সাবিনা-মৌসুমীরা। বৃহস্পতিবার লিগে টানা তৃতীয় জয় পেয়েছে তারা। আগের দুটি ম্যাচে ১২ ও ১৩ গোলে জিতেছিল। এবার নাসরিন স্পোর্টস একাডেমির বিপক্ষে জয়টা এলো ৯ গোলে। আগের দুটি ম্যাচে যেমন স্ট্রাইকার সাবিনা খাতুনের অবদান। আজকের ম্যাচেও তাই। টানা তৃতীয় হ্যাটট্রিক করলেন সাবিনা। তিন ম্যাচে তার গোল ৯টি!
এই জয়ে বসুন্ধরা তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে। তিন ম্যাচে প্রথম হার দেখলো নাসরিন একাডেমি। গোল চারটি হয়েছে ৩, ৪১, ৪৪ ও যোগ করা সময়ে।বিরতির পরও গোলবন্যা ছিল বসুন্ধরার। ৪৮, ৫১, ৭১, ৮৫ ও যোগ করা সময়ে আরও ৫ গোল এসেছে।
ম্যাচ শেষে সাবিনা খাতুন বলেছেন, ‘এই লিগে টানা তিন ম্যাচে হ্যাটট্রিক করে খুব ভাল লাগছে। এজন্য সতীর্থদের অবদান আছে। অবশ্য এর আগের লিগেও টানা হ্যাটট্রিক আছে। সেটা ২০১১ সালে। ওই লিগে ২৭ গোল করেছিলাম শেখ জামালের হয়ে। আমাদের দল বেশি পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে এটাই আমার কাছে বড় বিষয়। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।’
কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে জামালপুর কাচারিপাড়া একাদশ ও এফসি উত্তরবঙ্গ গোলশূন্য ড্র করেছে।








