আগেও এএফসি কাপে খেলেছে মালদ্বীপের টিসি স্পোর্টস। ২০১৭ সালে যে দলটির হয়ে খেলেছিলেন মিশরের আল এলদিন নাসের। তার পুরোনো দল আবারও ঢাকায় এসেছে, তবে এই ডিফেন্ডার এখন আবাহনীর খেলোয়াড়। আগামী ১১ মার্চ বসুন্ধরা কিংসের বিপক্ষে লড়বে টিসি স্পোর্টস। ম্যাচটিতে দুই দলের সম্ভাবনা সমান দেখছেন নাসের।
এবার এএফসি কাপে মালদ্বীপের দুটি দল খেলছে। একই গ্রুপে আছে মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব ও টিসি স্পোর্টস। প্রায় দুই মৌসুম ধরে ঢাকায় খেলার সুবাদে নাসেরের বসুন্ধরা কিংস সম্পর্কেও জানা হয়ে গেছে।
দুদলের শক্তির পার্থক্য বলতে গিয়ে এই ডিফেন্ডার বলেছেন, ‘আমার কাছে মনে হয়েছে কেউ কারও চেয়ে কম নয়। দুই দলেই বিদেশি খেলোয়াড় আছে। টিসি স্পোর্টস তো আগের চেয়ে শক্তিশালী। দুজন মিশরীয় আছে। এবার তাদের দেশের সেরা খেলোয়াড় আলী আশফাক খেলছে। অন্যদিকে বসুন্ধরাও কম যাচ্ছে না। তাদের জাতীয় দলের খেলোয়াড় ছাড়াও বিশ্বমানের খেলোয়াড় আছে। তাই ম্যাচটি ফিফটি-ফিফটি হতে পারে। সেক্ষেত্রে ড্র হলে অবাক হওয়ার কিছু থাকবে না।’
মালদ্বীপের দলের বিপক্ষে বাংলাদেশি ক্লাবের পরিসংখ্যান সামনে এনে নাসের বললেন, ‘সাম্প্রতিক সময়ে বাংলাদেশের দল কিন্তু মালদ্বীপের ক্লাবের বিপক্ষে জিততে পারেনি। সাইফ কিংবা আবাহনী কেউ জিততে পারেনি। এবার বসুন্ধরার সামনে চ্যালেঞ্জ। তারা যদি জিততে পারে তাহলে নতুন কিছু দেখতে পাবো।’







