বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডের চুক্তির মেয়াদ আগামী ১৫ মে পর্যন্ত। তার আগেই ইংলিশ কোচের সঙ্গে চুক্তি বাড়িয়ে নিতে চাইছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ডে’কে আরও দুই বছরের জন্য রাখতে চায় তারা।
তবে নতুন চুক্তিটি ১৫ মে থেকে নয়, তিন মাস পিছিয়ে করতে চাইছে বাফুফে। অর্থাৎ, আগামী ১৬ আগস্ট থেকে নতুন করে ডে’কে রাখার ইচ্ছা।
তিন মাস পেছানোর কারণ হিসেবে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘করোনা পরিস্থিতির কারণে আপাতত জাতীয় দলের কোনও খেলা নেই। বিশ্বকাপ বাছাই পর্ব শুরু হতে পারে এই বছরের শেষের দিকে। এই মুহূর্তে কোচকে বসিয়ে রেখে বেতন দেওয়া আমাদের জন্য কঠিন। তাই আমরা আগামী আগস্টের মাঝামাঝি সময় থেকে তাকে নতুন করে পেতে চাইছি। এমন প্রস্তাবই তাকে দেওয়া হয়েছে।’
নতুন চুক্তিতে অবশ্য কোচের বেতন-ভাতা সেভাবে বাড়ছে না। আগের মতোই মাসিক ১০ হাজার ডলারসহ অন্য সুবিধাদি পাবেন।







