অনিশ্চয়তার দোলাচলে ইউরোপিয়ান ফুটবল। সব ঘরোয়া লিগ কর্তৃপক্ষের একই কথা- করোনাভাইরাস পরিস্থিতি পুরোপুরি কেটে গেলেই শুরু হবে খেলা। কিন্তু সেটা কবে? এই প্রশ্নের উত্তরে আশার বাণী হিসেবে কেবল তারা শুনিয়ে যাচ্ছে ‘মৌসুম শেষ করা সম্ভব’। যদি শেষ করা না যায় তাহলে? এই প্রশ্নের উত্তর অবশ্য নানামুখী।
তবে প্রিমিয়ার লিগের ক্ষেত্রে প্রশ্নটা উঠলে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক গোলকিপার মার্ক বসনিচের কাছে সিদ্ধান্ত স্পষ্ট। তার মতে, বিশ্বের সবচেয়ে উত্তেজনাপূর্ণ লিগ শুরু হলে চ্যাম্পিয়ন ঘোষণা উচিত লিভারপুলকে। পয়েন্ট টেবিলের অবস্থান ও লিভারপুলের অসাধারণ পারফরম্যান্সে শুধুমাত্র ইয়ু্র্গেন ক্লপের দলকেই শিরোপা দেওয়া উচিত বলে মনে করছেন এই অস্ট্রেলিয়ান।
করোনার কারণে লিগ স্থগিত হওয়ার আগে ট্রফি থেকে হাতছোঁয়া দূরত্বে ছিল লিভারপুল। ২৯ ম্যাচ শেষেই শিরোপা সুবাস পাচ্ছিল তারা। তাতে ১৯৯০ সালের পর ইংলিশ ফুটবলের শ্রেষ্ঠত্ব আবার ঘরে তোলার জোর সম্ভাবনা উঁকি দিচ্ছিল। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে এগিয়ে যে ২৫ পয়েন্টে। ২৯ ম্যাচে অলরেডদের ২৭ জয়ই বলে দেয় কতটা দাপট দেখিয়েছে তারা।।
সেই পরিসংখ্যানে চোখ রেখে বসনিচ বলছেন, চলতি মৌসুমে দু্র্দান্ত খেলা লিভারপুলকে কারও পক্ষে ধরা সম্ভব নয়। তাই খেলা আর শুরু না হলে তাদেরকে শিরোপা দেওয়াই সুবিচার হবে তার কাছে।
এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ম্যানইউ, চেলসি ও অ্যাস্টন ভিলায় খেলা ৪৮ বছর বয়সী অস্ট্রেলিয়ান বলেছেন, ‘তাদের (লিভারপুল) শিরোপা দিয়ে দেওয়া উচিত। প্রিমিয়ার লিগের নিয়ম-নীতি হয়তো অন্য কথা বলছে, কিন্তু আমার মতে একটাই সুবিচার ও সঠিক কাজ হবে তাদের ট্রফি দিলে।’
করোনার প্রকোপে ইউরোপিয়ান ফুটবল শুরুর খুব একটা সম্ভাবনা দেখছেন না বসনিচ। এতে করে লিগ কর্তৃপক্ষ অনেক সমস্যায় সম্মুখীন হবে বলে তার ধারণা, ‘অনেক সমস্যা হবে। চ্যাম্পিয়নস লিগের জায়গায় কারা থাকবে এবং এমনকি রেলিগেশন অঞ্চল নিয়ে কী হবে- অনেক প্রশ্নের উত্তর প্রয়োজন।’







