করোনার আঘাতে অনেকদিন ধরে মাঠে নেই ফুটবল। প্রিমিয়ার ফুটবল লিগসহ মৌসুমের বাকি প্রতিযোগিতাগুলোও বাতিল করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাই চার মাস ধরে খেলোয়াড়রা নেই খেলার মধ্যে। তবে বর্তমান পরস্থিতি বিবেচনা করে দ্রুত মাঠে ফিরতে চান ফুটবলাররা।
তাদেরই একজন ওয়ালি ফয়সাল। ইনজুরির কারণে এই মৌসুমে ঠিকমতো খেলতে পারেননি অভিজ্ঞ এই ডিফেন্ডার। জাতীয় দলেও হারিয়েছে জায়গা। তবে করোনাকালে নিজেকে ফিরে পেতে চেষ্টার কোনও কমতি রাখছেন না তিনি।
ওয়ালি এখন উন্মুখ হয়ে আছেন মাঠে ফিরতে। ইউরোপিয়ান ফুটবলের উদাহরণ টেনেছেন তিনি। করোনা বিরতি থেকে ফিরে ইতিমধ্যে লিগ শেষ করেছে জার্মানি ও স্পেন। আরও অনেক দেশে শুরু হয়েছে ফুটবল। বাফুফেকে তাদের পথে হাঁটার আহ্বান আবাহনী ডিফেন্ডারের, ‘আমি চাই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দ্রুত শুরু হোক। মহামারীর কারণে অন্যান্য দেশের ফুটবল স্থবির হয়ে পড়েছিল, তবে এখন তারা আবার শুরু করছে। আমরা বিপিএল খেলোয়াড়রা চার-পাঁচ মাস ধরে ফুটবলের বাইরে আছি। আমরা এখন ফুটবলে ফিরতে চাই, আমরা বিপিএলে ফিরতে চাই।’
দ্রুত লিগ শুরুর আহ্বান তো আছেই, একই সঙ্গে প্রিমিয়ার লিগের আগে খেলোয়াড়দের প্রস্তুত করতে অন্য একটি প্রতিযোগিতা আয়োজনেরও অনুরোধ করেছেন তিনি বাফুফেকে। এই ডিফেন্ডারের বক্তব্য, ‘আমি ফেডারেশনকে অনুরোধ করবো, লিগ শুরু করার আগে বিদেশি খেলোয়াড়দের ছাড়া একটি টুর্নামেন্টের ব্যবস্থা করুন, এতে আমাদের স্থানীয় খেলোয়াড়রা লিগ ও জাতীয় দলের জন্য তাদের পারফরম্যান্স আরও উন্নত করতে পারবে।’







