গোলের পর গোল করে যাচ্ছেন রবার্ত লেভানদোভস্কি। চ্যাম্পিয়নস লিগে যেন আরও বেশি ভয়ঙ্কর পোলিশ স্ট্রাইকার। অলিম্পিক লিওঁর বিপক্ষে সেমিফাইনালেও জাল খুঁজে পেয়েছেন একবার। তাতে সব মিলিয়ে এবারের প্রতিযোগিতায় গোলসংখ্যা নিয়ে গেছেন ১৫-তে। চ্যাম্পিয়নস লিগের এক মৌসুমে ১৫ বা তার বেশি গোল ছিল শুধু ক্রিস্টিয়ানো রোনালদোর। এবার সেই তালিকায় যোগ হলেন লেভানদোভস্কি।
বুধবার রাতে লিওঁকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে বায়ার্ন মিউনিখ। তাদের অপ্রতিরোধ্য যাত্রায় সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন লেভানদোভস্কি। সেমিফাইনালের লড়াইয়ে সের্গে জিনাব্রির জোড়া গোলের পর শেষ মুহূর্তে জালে বল জড়ান এই স্ট্রাইকার।
ইউরোপিয়ান প্রতিযোগিতার এবারের মৌসুমে লেভানদোভস্কি করলেন ১৫তম গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে গোলসংখ্যা ৫৫। চ্যাম্পিয়নস লিগের হিসাবে লেভানদোভস্কি মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে করলেন ১৫ গোল। এর আগে এই সংখ্যায় যেতে পেরেছেন কেবল রোনালদো, পর্তুগিজ যুবরাজ তিনবার করেছেন ১৫ বা তার বেশি গোল।
প্রত্যেকটিই এসেছে রিয়াল মাদ্রিদের জার্সিতে। ২০১৩-১৪ মৌসুমে পাঁচবারের ব্যালন ডি’অর করেছিলেন ১৭ গোল, যেটি চ্যাম্পিয়নস লিগের নির্দিষ্ট কোনও মৌসুমের সর্বোচ্চ গোলের রেকর্ড। এরপর ২০১৫-১৬ মৌসুমে করেন ১৬ গোল, আর ২০১৭-১৮ মৌসুমে নামের পাশে যোগ করেন ১৫ গোল। তিনবারই চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে রিয়াল।
লিওঁর বিপক্ষে সেমিফাইনাল দিয়ে টানা ৯ ম্যাচে গোল পেয়েছেন লেভানদোভস্কি। এই কীর্তি আছে কেবল দুজনের- ২০১৮ সালে রোনালদো (টানা ১১ ম্যাচ) ও ২০০৩ সালে তার ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক সতীর্থ রুদ ফন নিস্টলরয় (টানা ৯ ম্যাচ) গোলের পর গোল করেছিলেন।
এখন লেভানদোভস্কির সামনে হাতছানি দিচ্ছে চ্যাম্পিয়নস লিগের এক মৌসুমে সর্বো্চ্চ গোলের রেকর্ড। প্যারিস সেন্ত জার্মেইয়ের বিপক্ষে ফাইনালে জোড়া গোল করতে পারলেই রোনালদোর ১৭ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলবেন তিনি। আর হ্যাটট্রিক করলে জুভেন্টাস উইঙ্গারকে ছাড়িয়ে গড়বেন নতুন রেকর্ড।








