গত দুই মৌসুম ধরে লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার গুজব ভেসে বেড়াচ্ছে বাতাসে। তবে এবার শক্ত দানাই বেঁধেছে গুঞ্জনটা। চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ভরাডুবির পর আর্জেন্টাইন অধিনায়ক নাকি আর ন্যু ক্যাম্পে থাকতে চাইছেন না। ইউরোপিয়ান মিডিয়ায় তার সম্ভাব্য গন্তব্যের বেশ কয়েকটি নামও শোনা যাচ্ছে। যার মধ্যে অন্যতম প্যারিস সেন্ত জার্মেই। সত্যিই যদি মেসি প্যারিসের ক্লাবে যোগ দেন, তাহলে তাকে দুহাত বাড়িয়ে ‘স্বাগত’ জানাবেন দলটির কোচ টমাস টুখেল।
এবারের মৌসুমে বার্সেলোনার কোনও সাফল্য নেই। আসলে সেরকম প্রতিদ্বন্দ্বিতাই দাঁড় করাতে পারেনি তারা। দলের ব্যর্থতার সঙ্গে বোর্ডের সঙ্গে নানামুখী দ্বন্দ্বে ন্যু ক্যাম্প বড্ড অচেনা লাগছে মেসির কাছে। নতুন কোচ রোনাল্ড কোম্যানকে নাকি তিনি জানিয়ে দিয়েছেন, তার বার্সেলোনায় থাকার চেয়ে না থাকার সম্ভাবনাই বেশি।
এই অবস্থায় ছয়বারের ব্যালন ডি’অর জয়ীর ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা। মেসির বাইআউট ক্লজের বিশাল অঙ্ক মেলানোর ক্ষমতা যাদের আছে, তাদের মধ্যে তালিকার ওপরে থাকবে পিএসজি। তাছাড়া চ্যাম্পিয়নস লিগ শিরোপা হাতছাড়া হওয়ায় প্যারিসের ক্লাবটির সামনে মৌসুমে আরও বড় কিছু নিয়ে হাজির হওয়ার লক্ষ্য। দুয়ে মিলে মেসির প্যারিস যাত্রার গুঞ্জনে ‘ভিত’ দিতে চাইছে ইউরোপিয়ান মিডিয়া।
বার্সেলোনা অধিনায়কে যে আগ্রহ আছে পিএসজি কোচ টুখেলের, সেটা তিনি গোপন করেননি। পার্ক ডু প্রিন্সেসে মেসি এলে তাকে স্বাগত জানাবেন এই জার্মান কোচ, ‘মেসি (পিএসজিতে) এলে তাকে স্বাগত জানানো হবে। কোন কোচ মেসিকে না বলতে পারবেন?’
যদিও বাস্তবতা জানা আছে টুখেলের। বার্সেলোনার প্রতীক হয়ে ওঠা মেসি যে ন্যু ক্যাম্প ছাড়বেন না, পরের কথায় সেটা জানিয়ে দিলেন তিনি, ‘আমার মনে হয় মেসি বার্সেলোনাতেই তার ক্যারিয়ার শেষ করবে। কারণ সে হলো মিস্টার বার্সেলোনা।’
চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরেছে পিএসজি। হাতছোঁয়া দূরত্বে থাকা ট্রফিটা ছুঁয়ে দেখা হয়নি প্যারিসের ক্লাবটির। তবে লিসবনের ফাইনাল তাদের মনে নতুন বিশ্বাসের জন্ম দিয়েছে। সেই বিশ্বাস সঙ্গী করে সামনের মৌসুমের মিশনে নামতে যাচ্ছে তারা। কিন্তু নতুন মৌসুম শুরুর আগে পিএসজি হারাচ্ছে বেশ কয়েকজন খেলোয়াড়কে। গ্রীষ্মের দলবদলে তাই বড় পরিবর্তনই আসছে ক্লাবটির স্কোয়াডে।
টুখেলের কথা সেরকমই ইঙ্গিত, ‘এবারের মৌসুমে আমরা বেশকিছু খেলোয়াড় হারিয়েছি, এখন চলে যাচ্ছে থিয়াগো সিলভা ও এরিক মাক্সিম চুপো-মোটিং। এখন আমাদের সামনের দলবদল মৌসুম কাজে লাগাতে হবে স্কোয়াড বড় করতে। কোনও বিরতি ছাড়া অনেক চাহিদা আছে নতুন মৌসুমে। আপাতত এ বিষয় নিয়ে কথা বলতে চাইছি না। সামনের কয়েকদিনের মধ্যে আমরা বিষয়টা নিয়ে বসবো।’








