এ বছর শেষবারের মতো মাঠে নেমে আরেকটি ইতিহাস গড়তে যাচ্ছেন লিওনেল মেসি। বুধবার রাতে রিয়াল বেটিসের বিপক্ষে বার্সার হয়ে ক্যারিয়ারের ৫০০তম ম্যাচ খেলতে নামবেন এই আর্জেন্টাইন সুপারস্টার।
২০০৪ সালে কাতালন ক্লাবটির হয়ে অভিষেক হয় মেসির। ১১ বছরে বার্সার হয়ে এখন পর্যন্ত ৪৯৯টি ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন রেকর্ড ৪২৪টি।
বার্সেলোনার হয়ে স্প্যানিশ লা লিগায় ৩২৫ ম্যাচে অংশ নিয়ে ২৯১ গোল করেন মেসি। কোপা দেল রে'র ৫০ ম্যাচে ৩৪ এবং চ্যাম্পিয়ন্স লিগের ১০২ ম্যাচে করেন ৮০ গোল। এছাড়া অন্যান্য প্রতিযোগিতায় ২২ ম্যাচে অংশ নিয়ে করেন ১৯ গোল। সব মিলিয়ে ৪৯৯ ম্যাচে ৪২৪ গোল করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
গত ১১ বছরের ক্যারিয়ারে চারবার ফিফা বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন। জিতেছেন ৭টি লা লিগা, ৬টি স্প্যানিশ সুপার কাপ, ৩টি কোপা দেল রে, ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি উয়েফা সুপার কাপ ও ৩টি ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা। এছাড়া জিতেছেন ছোট-বড় অসখ্যা অ্যাওয়ার্ড।
/এমআর/








