কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ শেষে ইংল্যান্ডে ফিরে গিয়েছিলেন বাংলাদেশের প্রধান কোচ জেমি ডে ও তার সহকারী স্টুয়ার্ট ওয়াটকিস। তবে খুব বেশি দিন আর বাড়ি থাকা হচ্ছে না তাদের। শিগগিরই ফিরতে হচ্ছে বাংলাদেশে। যেহেতু ইংল্যান্ড থেকে আসছেন তারা, তাই ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতেই হবে।
আগামী মার্চে রয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল। সেই প্রতিযোগিতা সামনে রেখে খেলোয়াড় বাছাই করতে দুই ইংলিশ কোচ মাঠে বসে খেলা দেখার জন্য ঢাকায় আসছেন। তবে এবার তারা আগেই ঢাকায় এলেও কোয়ারেন্টিন পর্ব পুরোপুরি মানতে হচ্ছে। ১৪ দিনই থাকতে হবে হোটেল রুমে।
আগামীকাল (বৃহস্পতিবার) আসছেন সহকারী কোচ ওয়াটকিস। আর আগামী সপ্তাহে আসার কথা রয়েছে প্রধান কোচ ডের। ইংল্যান্ডে করোনাভাইরাস নতুন করে প্রকোপ শুরু করেছে। তাই নতুন নিয়ম অনুযায়ী, লন্ডন থেকে ফেরা যেকোনও নাগরিককে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতেই হবে। সেই অনুযায়ী বাংলাদেশের দুই কোচকেও নিয়ম মানতে হবে।
এবার আর আগের মতো ঢাকায় এসে করোনা নেগেটিভ (৭২ ঘণ্টা কোয়ারেন্টিন) হওয়ার পর মাঠে চলে যাওয়ার সুযোগ নেই। তবে ডে বর্তমান পরিস্থিতি মেনেই বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘টানা ১৪ দিন হোটেলে থাকা অনেক কষ্টকর বিষয়। তবে কিছু করার নেই। এটাই নিয়ম। আইন তো মানতেই হবে।’
আগামী ১৩ জানুয়ারি থেকে প্রিমিয়ার লিগ ফুটবল শুরু হচ্ছে। লিগেই চোখ রাখতে যাচ্ছেন বাংলাদেশের প্রধান কোচ।









