ওসাসুনার বিপক্ষে খেলতে যাওয়ার আগেই ভোগান্তিতে পড়েছিল রিয়াল মাদ্রিদ। তুষার ঝড়ের কারণে মাদ্রিদের বিমানবন্দরেই তাদের বসে থাকতে হয়েছিল দীর্ঘক্ষণ। সেই ভোগান্তির রেশটা ছিল ওসাসুনার মাঠেও। লা লিগায় প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে গোলশূন্য ড্র করেছে লস ব্লাঙ্কোসরা।
অথচ এত ঝড়ঝাপ্টা পেরিয়ে পাম্পপোলায় পৌঁছানোর পর একটা সময় ম্যাচ হওয়া নিয়েই সংশয় ছিল। কারণ রিয়ালের নগরপ্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের ম্যাচটি যে স্থগিত করা হয়েছে এর আগে। রিয়ালের ম্যাচটা স্থগিত না হলেও তুষার ঝড় যে প্রভাব বিস্তার করেনি এমনও নয়। টানা তুষার পড়ার কারণে মাঠটাকে মনে হচ্ছিল বরফময়। ফলে এমন প্রতিকূল পরিবেশে প্রথমার্ধে লক্ষ্য বরাবার কোনও শটই তারা নিতে পারেনি। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন রিয়াল কোচ জিনেদিন জিদান। তিনি বলেছেন, ম্যাচটা স্থগিত রাখা উচিত ছিল, ‘এমন অবস্থায় এটাকে তো আর ফুটবল বলা যায় না। ম্যাচটা স্থগিত করা উচিত ছিল।’
ড্রয়ের পর জিদান অবশ্য ঝড়ো পরিবেশটাকেই দায়ী করেছেন, ‘আমরা সফর থেকে শুরু করে পুরো কন্ডিশনেই ভোগান্তিতে ছিলাম। তার পরেও মাঠে সব রকমের চেষ্টা করেছি। কিন্তু এখন এটাই অনুভব হচ্ছে যে, এটাকে সার্বিকভাবে ম্যাচ বলা যায় না।’
ড্র করার ফলে শীর্ষে থাকা আতলেতিকোকে সরানোর সুযোগ হাতছাড়া করেছে রিয়াল। আতলেতিকোর সংগ্রহ ১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট। দুইয়ে থাকা রিয়ালের সংগ্রহ ১৮ ম্যাচে ৩৭।








