বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির বর্তমান চুক্তির তথ্য ফাঁস করে দিয়েছে স্প্যানিশ পত্রিকা এল মুন্দো। তাতেই ফুটবল বিশ্বে শুরু হয়েছে তোলপাড়। অবশ্য সেটা হওয়ারও কথা। কারণ সেই প্রতিবেদন অনুযায়ী মেসির চুক্তির অঙ্ক এতই বড় যে, সেটিকে বলা হচ্ছে খেলাধুলার ইতিহাসে সর্বোচ্চ! এমন খবরের পর মেসি ও বার্সেলোনা জানিয়েছে, তারা স্প্যানিশ পত্রিকাটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে।
এল মুন্দোর ফাঁস করা প্রতিবেদন অনুযায়ী মেসির চার মৌসুমের চুক্তির অঙ্কটা কিন্তু বিশাল। ২০১৭ সালের নভেম্বরে করা ওই চুক্তি অনুসারে চার মৌসুম পর সব শর্ত পূরণ হলে মেসি পাবেন ৫৫ কোটি ৫২ লাখ ৩৭ হাজার ৬১৯ ইউরো। যা বাংলাদেশি টাকায় ৫ হাজার ৭০০ কোটির কিছু বেশি! যে চুক্তির মেয়াদ শেষ হবে এই বছরে ৩০ জুন।
ছবির স্বত্বসহ যোগ করে রিপোর্টটিতে বলা হয়েছে, প্রতি মৌসুমে চুক্তি নবায়নের জন্য মেসিকে দেওয়া হচ্ছে ১১ কোটি ৫০ লাখ ইউরো বোনাস এবং ক্লাবে আনুগত্যের জন্য বোনাস হিসেবে দেওয়া হচ্ছে ৭ কোটি ৭০ লাখ ইউরো! ফলে বোঝাই যাচ্ছে প্রতি মৌসুমে তার আয় কতখানি।
এমন তথ্য ফাঁস হওয়ার পর খুব ক্ষুব্ধ হয়েছেন মেসি। ইএসপিএন বলছে, এল মুন্দো ও এর সঙ্গে সংশ্লিষ্ট বার্সার ব্যক্তিটিকে কাঠগড়ায় দাঁড় করাবেন তিনি।
এমন বলার কারণ, চুক্তিটি ছিল খুবই গোপনীয়। যার কপি ছিল চারটি। একটি পেয়েছেন মেসি, একটি বার্সা, আরেকটি ছিল লা লিগা এবং চতুর্থ কপিটি ছিল মেসির ল’ ফার্মের কাছে।
অবশ্য সংবাদ প্রকাশের পর বার্সেলোনা নিজেও বলছে, এমন তথ্য ফাঁসের পেছনে তাদের হাত নেই। বরং তারাও এই ঘটনায় পত্রিকাটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চাইছে। একই সঙ্গে বিবৃতিতে প্রকাশিত রিপোর্টটিকে দুঃখজনক বলেও মন্তব্য করেছে।









