চ্যাম্পিয়নস লিগে পিএসজির কাছে বিধ্বস্ত হয়ে প্রতিপক্ষকেই সব কৃতিত্ব দিচ্ছেন বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান। শেষ ষোলোর প্রথম লেগে হারের পর কোম্যান অবশ্য স্বীকার করতে বাধ্য হয়েছেন যে, পিএসজি প্রমাণ করেছে তারা বার্সার চেয়েও শ্রেষ্ঠত্বের দাবিদার!
অবশ্য প্রতিপক্ষকে এভাবে কৃতিত্ব দেওয়ার যথেষ্ট কারণও আছে। প্রথমার্ধে একটি গোল করলেও পিএসজির আক্রমণে এর পর আর দাঁড়াতেই পারেনি বার্সা। হেরেছে ৪-১ গোলে! ম্যাচের পর সেটাই বলেছেন কোম্যান, ‘আসলে ম্যাচের ফলই প্রমাণ করে ওরা কতটা শ্রেষ্ঠ। শুরু থেকে তারা প্রভাব বিস্তার করেছে। যা দেখা গেছে প্রথমার্ধ থেকেই। দ্বিতীয়ার্ধে অবশ্য আমাদের রক্ষণে অনেক সমস্যা ছিল। শারীরিকভাবে এটা ওরা দেখিয়েই দিলো যে, পিএসজি আমাদের চেয়েও সেরা।’
ম্যাচের শুরুতে মেসি পেনাল্টি থেকে একটি গোল করলেও পুরোটা সময় বার্সার রক্ষণে ত্রাস ছড়ান এমবাপ্পে। তুলে নেন হ্যাটট্রিক। প্রতিপক্ষের অসাধারণ নৈপুণ্যের পর বার্সা কোচের বিশ্লেষণ, ‘ম্যাচে এগিয়ে যাওয়ার পর প্রতিপক্ষ যদি দ্রুত সমতা ফেরায়। পরে তা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। আমরা আক্রমণ প্রতিহত করতে ব্যর্থ হয়েছি। বিশেষ করে উইং অথবা সেন্টারে আমরা বলের ওপর সেভাবে মনোযোগ দিতে পারিনি।’
তাই দল দুটির তুলনায় সার্বিকভাবে পিএসজিকেই এগিয়ে রাখলেন কোম্যান, ‘দ্বিতীয়ার্ধেই ওরা আমাদের পুরোপুরি নিয়ন্ত্রণ করে খেলেছে। এই অর্ধের পর বোঝা গেছে, তারা আমাদের চেয়েও পরিপূর্ণ একটা দল। যেটা আমাদের মানতেই হবে।’








