বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) রেফারিজ কমিটি পুনর্গঠন করা হয়েছে। সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীকে চেয়ারম্যান ও অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদকে ডেপুটি চেয়ারম্যান করে নতুন কমিটি করা হয়েছে। তবে নতুন কমিটিতে ডেপুটি চেয়ারম্যান পদে কাজী নাবিল থাকছেন না। সাংঘর্ষিক হবে বিধায় তিনি নিজেই সরে গেছেন।
কাজী নাবিল দেশের শীর্ষস্থানীয় ক্লাব আবাহনী লিমিটেডের ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ। তাই নিজের দায়িত্ববোধ থেকেই রেফারিজ কমিটিতে থাকছেন না। এই প্রসঙ্গে আজ (বৃহস্পতিবার) সংবাদমাধ্যমকে দেশের বিশিষ্ট এই ক্রীড়া সংগঠক বলেছেন, ‘গতকাল আমাদের সম্মানিত সভাপতি (কাজী সালাউদ্দিন) আপনাদের (মিডিয়া) সঙ্গে কিছু কথা বলেছেন। তিনি আমাদের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীকে রেফারিজ কমিটির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছেন। আমার নাম ঘোষণা করেছেন ডেপুটি চেয়ারম্যান হিসেবে। আজ সকালে উনার (সভাপতি) সঙ্গে কথা বলেছি। এই দায়িত্ব নিতে আমি অপারগতা প্রকাশ করেছি। যেহেতু আমি দেশের শীর্ষ একটি ক্লাবকে পরিচালনা করি। আমার এই পদে থাকাটা সাংঘর্ষিক হবে।’
অবশ্য এই পদ থেকে সরে গেলেও বিকল্প হিসেবে আগের চেয়ারম্যানের নাম সুপারিশ করেছেন কাজী নাবিল, ‘আমি এই পদে না থাকলেও উনার (সভাপতি) কাছে রিকোমোন্ডেশন দিয়েছি বিগত দিনে যিনি চেয়ারম্যান (জাকির হোসেন) ছিলেন তাকে ডেপুটি চেয়ারম্যান হিসেবে রাখার জন্য। সভাপতি বিষয়টি বিবেচনা করবেন।’
রেফারিজ কমিটিতে না থেকেও বাইরে থেকে সহযোগিতার আশ্বাস বাফুফে সহ-সভাপতির, ‘এই কমিটিকে আমি বাইরে থেকে সহযোগিতা করে যাব ফেডারেশনের সদস্য হিসেবে।’
আগামী ২৫ মার্চ বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে আফগানিস্তানের বিপক্ষে সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হওয়ার কথা। তবে এ নিয়ে এশিয়ান কনফেডারেশন (এএফসি) এখনও চূড়ান্ত কিছু জানায়নি। বাংলাদেশে চাইছে, নিজেদের মাঠে খেলতে আর আফগানিস্তান অন্য কোনও ভেন্যুতে।
বুধবার এএফসির সঙ্গে ভার্চুয়াল সভাও করেছে ‘ই’ গ্রুপের দেশগুলো। এ প্রসঙ্গে বাফুফের অন্যতম সহ-সভাপতি ও জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল বলেছেন, ‘আমাদের দেশে ক্রিকেট খেলা হয়েছে স্বচ্ছন্দে। অন্য দেশ খেলে গেছে কোনও ইনসিডেন্ট ছাড়া। কোভিড পরিস্থিতিও অনেক ভালো। সরকারি সব মহলে কথা বলে রেখেছিলাম। এখানে স্বাগতিক দেশ হিসেবে কাউকে আমন্ত্রণ জানালে তাদেরকে খুবই স্বল্প সময়ের কোয়ারেন্টিনে রেখে পরীক্ষা করে মাঠে নামানোর ব্যবস্থা করে দিতাম।’
সঙ্গে যোগ করেছেন, ‘আমাদের অবস্থান লিখিতভাবে জানাতে বলেছে এএফসি। সেটাই জানিয়ে দেবো। এরপরই এএফসি জানাবে মার্চে আমাদের মাঠে খেলা হবে নাকি অন্য কোথায় হবে। তবে স্বাগতিক দেশ হিসেবে আমরা প্রস্তুত আছি।’
শুধু আফগানিস্তান ম্যাচ নয়, এরপর ভারত ও ওমানের বিপক্ষে দুটো ম্যাচও নিজেদের মাঠে খেলতে চায় বাংলাদেশ। কাজী নাবিলের কথায়, ‘আমরা ভারত ও ওমানের বিপক্ষে বাকি দুটো হোম ম্যাচ বাংলাদেশে খেলতে আগ্রহী। এএফসি ২৩ ফেব্রুয়ারি জানাবে। নিশ্চিত করবে। মার্চে যদি খেলা হয়, তাহলে শিগগিরই অনুশীলনও শুরু হবে। লিগ কমিটির সঙ্গে সভা করে সুবিধাজনক সময়ে। সব খেলোয়াড় খেলার মধ্যে আছে। এটা নিয়ে কোনও শঙ্কা নেই।’








