আবারও রোমাঞ্চকর ৬ গোলের ম্যাচ হয়েছে প্রিমিয়ার লিগে। কিন্তু জয় পায়নি কোনও দল! অবশ্য গোল উৎসব করেও ড্রয়ের বৃত্ত থেকে বের হতে পারেনি শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আগের ম্যাচে উত্তর বারিধারার সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছিল। এবার পুলিশ এফসির সঙ্গেও টানা চতুর্থ ম্যাচ ড্র করলো শফিকুল ইসলাম মানিকের দল। তিনবার এগিয়ে থেকেও ম্যাচটি জিততে পারেনি শেখ জামাল। বরং পুলিশ এফসির সঙ্গে তাদের রোমাঞ্চকর ম্যাচটি শেষ হয়েছে ৩-৩ গোলের ড্রয়ে!
শেখ জামাল ৯ ম্যাচে টানা চতুর্থ ড্রতে ১৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। সমান ম্যাচে পুলিশ এফসি তৃতীয় ড্রতে ৯ পয়েন্ট নিয়ে আছে অষ্টম স্থানে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই হয়েছে চার গোল। ম্যাচের ১০ মিনিটে দুই গাম্বিয়ানের রসায়নে ১-০ তে এগিয়ে যায় শেখ জামাল। সুলায়মান সিল্লার থ্রু থেকে ডান প্রান্ত দিয়ে ঢুকে লক্ষ্যভেদ করেন পা ওমর জোবে।
অন্য দিকে পাকির আলীর দল পুলিশ এফসিও গোল শোধে চেষ্টা করতে থাকে। ৩৩ মিনিটে সফলও হয় তারা। প্রায় ৩৫ গজ দূর থেকে কিরগিজস্তানের মুরোলিমঝন আখমেদভের ফ্রি-কিক থেকে বল সরাসরি জালে জড়িয়ে যায়।
এর পর আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে খেলা। ৪০ মিনিটে শেখ জামাল স্কোর করে ২-১। সলোমন কিংয়ের ক্রস ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি আরিফ খান জয়। বল পেয়ে উজবেকিস্তানের ওতাবেক ভ্যালিয়েনভ নিচু শটে জাল কাঁপান।
তাতেও অবশ্য লাভ হয়নি। কারণ ইনজুরি সময়েই ২-২ স্কোর করে ফেলে পুলিশ এফসি। গোলকিপারের পাশ দিয়ে ফেড্রিক পোদা জোরালো শটে ম্যাচে সমতা নিয়ে আসেন।
বিরতির পর আক্রমণ ধরে রেখে দুইদল চেষ্টা করতে থাকে। ৪৯ মিনিটে শেখ জামাল ৩-২ এ এগিয়ে থেকে জয়ের সম্ভাবনা তৈরি করেছিল। কিন্তু ৬৯ মিনিটে পুলিশ গোল করে শেখ জামালকে জিততে দেয়নি। কর্নার থেকে প্রথম প্রচেষ্টায় গোলকিপার মামুন খান প্রতিহত করলেও ফিরতি বলে মোহাম্মদ জুয়েলের প্লেসিং শট জাল খুঁজে নেয়।
ম্যাচের বাকি সময়টুকু উভয় দল চেষ্টা করেও আর গোল পায়নি।








