স্থানীয় একটি মাঝারী মানের হোটেলে পুরো ২৪ ঘণ্টাও থাকেনি বাংলাদেশ ফুটবল দল। বাড়তি সুবিধা পেতে তারা উঠেছে হোটেল ইন্টারকন্টিনেন্টালে। নেপালে তিন জাতি ফুটবল প্রতিযোগিতায় যাওয়ার আগে এখানে থেকেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করবে জেমি ডের ছাত্ররা।
দ্রুত এমন পরিবর্তনের কারণ আগের হোটেলে সুইমিং পুল ছিল না। ছিল শুধু জিম সুবিধা। কিন্তু ইংলিশ কোচ জেমি ডে চাইছেন খেলোয়াড়দের আরও ভালো জায়গায় রেখে অনুশীলন করাতে। তাই আজই সাদ-বাদশারা উঠেছে পাঁচ তারকা সেই হোটেলে।
সেখানে থেকেই আগামীকাল সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শুরু হবে। জেমি ডে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আগের হোটেলটি খারাপ ছিল না। আমি নিজেও সেখানে ছিলাম। তবে আমি মনে করি, জাতীয় দলের খেলোয়াড়দের আরও ভালো জায়গায় থাকা উচিত। নতুন হোটেলটি চমৎকার। আগের হোটেলে সুইমিং পুল ছিল না। এখানে সবকিছুই আছে।’
আগের দিন শনিবার আবাসিক ক্যাম্পে ডাক পাওয়া ২৪ জনের মধ্যে তিনজন যোগ দিতে পারেননি। আজ অবশ্য সবাই যোগ দিয়েছেন।
এদিকে নেপাল সফরে বাংলাদেশ দলের ম্যানেজার করা হয়েছে সাবেক মিডফিল্ডার ইকবাল হোসেনকে।









