অপেক্ষায় ছিলেন এমআরআই রিপোর্টে কী ফল আসে। শেষ পর্যন্ত দুঃসংবাদ শুনতে হলো জাতীয় দলের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে। ডান ঊরুর ওপরের দিকে ব্যথা পাওয়ায় নেপালের ত্রিদেশীয় ফুটবল প্রতিযোগিতায় আর খেলা হচ্ছে না তার। দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তাকে। এই অবস্থায় আগামীকাল (বৃহস্পতিবার) নেপাল থেকে দেশে ফিরছেন বসুন্ধরা কিংস ডিফেন্ডার।
কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে দ্বিতীয়ার্ধে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন বিশ্বনাথ। আজ (বুধবার) স্থানীয় হাসপাতালে পরীক্ষার পর জানা গেছে, তার পক্ষে আর বাকি ম্যাচগুলো খেলা সম্ভব নয়।
জাতীয় দলের ম্যানেজার ইকবাল হোসেন সংবাদমাধ্যমকে বলেছেন, ‘বিশ্বনাথের ব্যথাটা একটু বেশি। আগামী দুই সপ্তাহ তাকে বিশ্রামে থাকতে হবে। তার পক্ষে নেপালের বাকি ম্যাচগুলো খেলা সম্ভব নয়। তাই আগামীকাল (বৃহস্পতিবার) তাকে ঢাকায় ফিরে যেতে হচ্ছে।’
বিশ্বনাথের এমআরআই পরীক্ষার ফল শুনে হতাশ জাতীয় দলের কোচ জেমি ডে। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘বিশ্বনাথকে হারানোটা হতাশাজনক। এখন কিছু করার নেই। দলে যারা আছে তাদের সুযোগ দিতে হবে।’
আগেই ২৭ জন ফুটবলারের নাম জমা দেওয়া আছে। সেখান থেকে ঘুরিয়ে-ফিরিয়ে খেলাতে হবে। তাই ঢাকা থেকে নতুন কারও যোগ দেওয়ার সুযোগ নেই।
বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী ২৭ মার্চ। প্রতিপক্ষ স্বাগতিক নেপাল।









