সাফ সুজুকি কাপে ব্যর্থতার পরই অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন মামুনুল ইসলাম। কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর অনুরোধে আসন্ন বঙ্গবন্ধু গোল্ড কাপে অধিনায়কের দায়িত্ব পালনে সম্মত হয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এই মিডফিল্ডার।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ মারুফুল হক। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গতকাল রাতেই মামুনুলের সঙ্গে এ নিয়ে আলোচনা হয়েছে। সে আসন্ন বঙ্গবন্ধু গোল্ড কাপে দলকে নেতৃত্ব দিতে সমর্থ হয়েছে।’
এবিষয়ে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘মামুন আসলে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের কোনও পত্র বাফুফেকে দেয়নি। তবে সে যেহেতু সংবাদ মাধ্যমে নিজের পদত্যাগের ঘোষণা দিয়েছিল। তাই সংবাদ মাধ্যমেই তার দায়িত্ব নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
/আরএম/এফআইআর/








