বঙ্গবন্ধু গোল্ডকাপকে সামনে রেখে ঢাকায় আসতে শুরু করেছে বিদেশি দলগুলো। ইতোমধ্যে শ্রীলঙ্কা ঢাকায় পৌঁছেছে। আজ বুধবার সকাল ১১টায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখে শ্রীলঙ্কা জাতীয় ফুটবল দল। তবে বিকালেই তারা উড়ে গেছে যশোরে।
কাল বৃহস্পতিবার আসছে মালয়েশিয়া একাদশ ও নেপাল অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। সকাল সাড়ে ১১টায় মালয়েশিয়া ও বিকাল চারটায় আসবে নেপাল দল।
শুক্রবার রাত আটটায় বাহরাইন অনূর্ধ্ব-২০, শনিবার কম্বোডিয়া ও রবিবার মালদ্বীপ অনূর্ধ্ব-২৩ দল ঢাকায় এসে পৌঁছবে। এ লক্ষ্যে যশোর ও ঢাকায় বিদেশি দলগুলোর আবাসন হোটেল, অনুশীলন ভেন্যু ও খেলার ভেন্যুতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
শুক্রবার যশোরের শামসুল হুদা স্টেডিয়ামে শুরু হচ্ছে টুর্নামেন্টের খেলা। প্রথম দিনেই শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ জাতীয় দল। সে লক্ষ্যে সোমবার প্রথম দল হিসেবে যশোরে পৌঁছেছেন মামুনুলরা। বুধবার গেছে শ্রীলঙ্কা। কাল ঢাকায় নেমেই মালয়েশিয়া ও নেপাল দল যশোরের উদ্দেশ্যে রওয়ানা হবে।
শনিবার বাহরাইন ও বাংলাদেশ অলিম্পিক দল (অনূর্ধ্ব-২৩) এবং রবিবার মালদ্বীপ ও কম্বোডিয়া দল যাবে যশোরে। যশোরে সিটি প্লাজা, হাসান ইন্টারন্যাশনাল ও ম্যাকপাই হোটেলে আবাসন ব্যবস্থা করা হয়েছে ফুটবলারদের। আর অনুশীলন ভেন্যু হিসেবে রয়েছে পুলিশ লাইন ও বিজিবি মাঠ। ঢাকায় দলগুলোর আবাসন ব্যবস্থা করা হয়েছে লা ভিঞ্চি, ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড এবং পূর্বানী হোটেলে। আর অনুশীলন ভেন্যু হিসেবে রয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব মাঠ, বুয়েট মাঠ, আবাহনী লিমিটেড মাঠ ও বাফুফে আর্টিফিশিয়াল টার্ফ।
/আরএম/এফআইআর/








