করোনা পরিস্থিতিতে আবাহনীকে বাদ দিয়েই এএফসি কাপের প্লে-অফ আয়োজন করতে চেয়েছিল এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। এখন সেই করোনাই কাঁটা হয়ে দাঁড়িয়েছে প্লে-অফ আয়োজনে। খেলা মালদ্বীপে হওয়ার থাকলেও সেখানে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় প্লে অফের পরের ম্যাচ ও গ্রুপ পর্বের আয়োজন নিয়েও সংশয় দেখা দিয়েছে!
১১ মে মালেতে প্লে-অফ ম্যাচে মালদ্বীপ ঈগলসের মুখোমুখি হওয়ার কথা ভারতের বেঙ্গালুরু এফসির। এই ম্যাচের জয়ী দল সেখানেই ১৪ মে থেকে শুরু হতে যাওয়া গ্রুপ পর্বে অংশ নেবে। এই পর্বের খেলার জন্য আবার ভেন্যু হিসেবে মালদ্বীপকেই বেছে নেওয়া হয়েছে।
এছাড়া ‘ডি’ গ্রুপে প্লে-অফ বিজয়ী দল ছাড়াও খেলার কথা বাংলাদেশের ঘরোয়া চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, ভারতের আরেক জায়ান্ট এটিকে মোহনবাগান ও মালদ্বীপের মাজিয়া এফসি’র। কিন্তু মালদ্বীপ এখন ভাবনায় পড়ে গেছে এএফসি কাপের ম্যাচ আয়োজন নিয়েই। হঠাৎ করে সেখানে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আয়োজকরা এএফসি’র সঙ্গে আলোচনা শুরু করেছে গ্রুপ পর্ব স্থগিত রাখার জন্য। গত ৫ মে মালদ্বীপে শনাক্ত হয়েছেন ৭৩৪ জন। অথচ গত মাসের মাঝামাঝি সময়েও তা গড় হিসেব ছিল ৮৪ জনে।
মালদ্বীপের যুব ও ক্রীড়া মন্ত্রী আহমেদ মাহলুফ তার ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘কোভিড সংক্রমণ যেভাবে বেড়ে চলছে, তাতে সরকার মানুষের স্বাস্থ্যঝুঁকি নিয়ে চিন্তিত। এ অবস্থায় মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশন এএফসি কাপের সাউথ এশিয়া জোনের গ্রুপ পর্ব স্থগিত করার ব্যাপারে এএফসি’র সঙ্গে আলোচনা শুরু করেছে।’
তবে বসুন্ধরা কিংসের টেকনিক্যাল ডিরেক্টর বিএ জোবায়ের নিপু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আনুষ্ঠানিকভাবে আমরা এখনও কিছু জানি না। আমরা আমাদের মতো প্রস্তুতি নিয়ে রাখছি।’








