বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বের শেষ তিন ম্যাচ খেলতে আজ (শুক্রবার) দোহার উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ফুটবল দল। দেশ ছাড়ার আগে নিজেদের সেরাটা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গেছেন অধিনায়ক জামাল ভূঁইয়াসহ অন্যরা। তবে লক্ষ্য কী, সেটা গোপন রেখেছেন প্রধান কোচ জেমি ডে।
সূচি অনুযায়ী, কাতারে আগামী ৩ জুন আফগানিস্তান, ৭ জুন ভারত ও ১৫ জুন ওমানের বিপক্ষে বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে দোহাতে দুই দিন বেশি অনুশীলন করার সুযোগ পাবেন জামাল-তপুরা।
এবারের দলে জায়গা হয়েছে ফিনল্যান্ড প্রবাসী কাজী তারিক রায়হানের। অন্যদিকে দুই ফরোয়ার্ড মাহবুবুর রহমান সুফিল ও মোহাম্মদ ইব্রাহিম করোনায় আক্রান্তের কারণে যেতে পারেননি।
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ দলের কাছে যে প্রত্যাশা বেশি, সেটা ভালোই বুঝতে পারছেন ইংলিশ কোচ জেমি ডে। যাওয়ার আগে বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘আমাদের সেখানে (কাতারে) ভালো করতে হলে অনেক ভালো খেলতে হবে। সাধ্যের বাইরে গিয়ে পারফরম্যান্স দেখাতে হবে। তাহলেই হয়তো ভালো কিছু হবে। তবে সেখানে লক্ষ্য কী, তা এখনই বলতে চাই না। সেটা আমাদের কোচিং স্টাফ ও খেলোয়াড়দের মধ্যেই থাকুক। সাধারণ জনগণকে এখনই আমরা লক্ষ্যের কথা জানাতে চাই না।’
এদিকে অধিনায়ক জামাল জানিয়ে গেছেন সর্বোচ্চটা উজাড় করে খেলার কথা। বাছাইয়ের ম্যাচ তিনটি তার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, ‘আমরা কাতার যাচ্ছি। বাছাই পর্ব খেলতে। তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। সবাই দোয়া করবেন। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে খেলার চেষ্টা করবো। আশা করছি, ভালো কিছু হবে।’
ভালো পারফরম্যান্স দেখানোর লক্ষ্য অন্যদের মাঝেও। ডিফেন্ডার তপু বর্মণ যেমন বলেছেন, ‘সবাই উজ্জীবিত আছে। গুরুত্বপূর্ণ খেলা। টিমওয়ার্ক অনুযায়ী খেলবো। ভালো পারফরম্যান্স করার চেষ্টা থাকবে। সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো, যেন ভালো ফল নিয়ে আসতে পারি।’








