গত মৌসুমে টমাস টুখেলের ভাগ্য সহায় ছিল না। পিএসজিকে ফাইনালে তুললেও শেষ পর্যন্ত বায়ার্ন মিউনিখের কাছে (১-০ গোলে) হেরে আর শিরোপা জেতা হয়নি। এর খেসারত হিসেবে গত ডিসেম্বরে কোচের চাকরিও হারিয়েছেন। তবে তার পরে চেলসিতে যোগ দিয়েই করে দেখালেন বাজিমাত। ম্যানসিটিকে হারিয়ে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ শিরোপা। প্রত্যাশা পূরণ হওয়ায় এখন চুক্তির মেয়াদ বাড়তে পারে চেলসি কোচের!
অবশ্য এমনটা হওয়া অবিশ্বাস্য কিছু নয়। প্রত্যাশা পূরণ না হওয়ায় জানুয়ারিতে ছাঁটাই করা হয় ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে। তখন টুখেল ১৮ মাসের চুক্তিতে দায়িত্ব নেন। যখন দায়িত্ব নেন, প্রিমিয়ার লিগে দলটির অবস্থান ছিল নবম। সেখান থেকে সব প্রত্যাশাকেই ছাড়িয়ে গেছেন জার্মান এই কোচ। চ্যাম্পিয়নস লিগ জেতার আগে ব্লুরা প্রিমিয়ার লিগ শেষ করেছে সেরা চারে থেকে। পৌঁছেছে এফএ কাপের ফাইনালেও।
এমন পরিস্থিতিতে টুখেলের মেয়াদ বাড়ানোর বিষয়টা অপ্রাসঙ্গিক নয়। টুখেলও ইঙ্গিত দিয়ে বলেছেন, ‘আমি এখনও শতভাগ নিশ্চিত নই। তবে এই শিরোপার পর মনে হচ্ছে নতুন চুক্তির প্রস্তাব পেতে যাচ্ছি। আমার ম্যানেজারও এ বিষয়ে কিছু একটা বলেছিল। তবে আমি বিষয়টা পুরোপুরি জানি না।’
অবশ্য নতুন চুক্তির সঙ্গে সামনের মৌসুমে আরও শিরোপা জয়ের দিকে বেশি আগ্রহী চেলসি কোচ, ‘আমার ইচ্ছা আরও বেশি ট্রফি জয়। এছাড়া কোচ হিসেবে উন্নতির পাশাপাশি পুরো দলটাকেই সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে উৎসাহ যুগিয়ে যাওয়া।’








