সাধারণত বদলি হিসেবে মাঠে নেমে থাকেন শামসুন্নাহার জুনিয়র। তবে আজ (সোমবার) বসুন্ধরা কিংস তাকে একাদশে খেলিয়েছে। শুধু কি তাই, রাইট উইংয়ে খেলতে অভ্যস্ত শামসুন্নাহার কুমিল্লা ইউনাইটেডের বিপক্ষে পজিশন পাল্টে অনেক সময় জুড়ে ‘নাম্বার নাইন’ হিসেবে খেলেছেন। আর তাতেই সাফল্য দেখেছে ক্লাবটি। শামসুন্নাহারের হ্যাটট্রিকে কুমিল্লাকে ৯-০ গোলে গোলে উড়িয়ে দিয়েছে মেয়েদের লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মেয়েদের ফুটবল লিগে বসুন্ধরা প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিল। শামসুন্নাহার জুনিয়র ৩৬, ৪৫ ও ৬৫ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। তহুরা খাতুন ৭৪ ও ৯২ মিনিটে জোড়া গোল পান। সাবিনা খাতুনও ২ গোল করেন, ৮৮ ও ৯০ মিনিটে। আর কৃষ্ণা রানী সরকার ও ঋতুপর্ণা একটি করে গোল করে দলের বড় জয়ে ভূমিকা রাখেন।
ম্যাচ শেষে বসুন্ধরা কিংসের কোচ আবু ফয়সাল বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘গোল ব্যবধান আরও বাড়তে পারতো। চারটি শট পোস্টে লেগে ফিরে আসে। আর শামসুন্নার তো স্ট্রাইকার হিসেবে খেলে হ্যাটট্রিক পেলো!’
মেয়েদের লিগে ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে বসুন্ধরা এককভাবে শীর্ষে।
দিনের অন্য খেলায় নাসরিন একাডেমি ও এফসি ব্রাহ্মণবাড়িয়ার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।








