আর একদিন পর বাংলাদেশের বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বের শেষ তিন ম্যাচের মিশন শুরু হবে। কাতারের দোহাতে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান, ভারত ও ওমান। ফিফা র্যাংকিংয়ে তিনটি দলই অনেক ওপরে। শক্তির বিচারে পিছিয়ে থাকলেও ম্যাচ তিনটি থেকে পয়েন্ট অর্জন করতে চাইছে জেমি ডের দল। আর এজন্য দরকার গোল। কিন্তু এই জায়গাতেই বড় সমস্যা বাংলাদেশের। তাহলে গোল আসবে কীভাবে? ইংলিশ কোচ ডে সব আল্লাহর হাতে ছেড়ে দিচ্ছেন।
এমনিতে বাংলাদেশ দলে যোগ্য স্ট্রাইকারের সংকট। তার ওপর আগে যারা বিশ্বকাপ বাছাই বা অন্য প্রতিযোগিতায় গোল পেয়েছেন, তাদের অনেকেই এবার দলে নেই। নাবীব নেওয়াজ জীবন ও সাদ উদ্দিন চোটের কারণে খেলছেন না। মাহবুবুর রহমান সুফিল করোনার কারণে দলে নেই। রবিউল হাসান তো পারফরম্যান্সের কারণে আগেই বাদ পড়েছেন!
ফরোয়ার্ডদের মধ্যে শুধু মতিন মিয়ারই জাতীয় দলে গোল আছে। বঙ্গবন্ধু গোল্ডকাপে শ্রীলঙ্কার বিপক্ষে জোড়া গোল পেয়েছিলেন বসুন্ধরা কিংসের এই ফুটবলার। অন্যদিকে সুমন রেজা, মোহাম্মদ জুয়েল, রাকিব হোসেন ও মেহেদী হাসান রয়েলের নামের পাশে কোনও গোল নেই। জুয়েলের তো এখনও অভিষেকই হয়নি! মোহাম্মদ ইব্রাহিম করোনা থেকে সেরে উঠে মাত্রই দলের সঙ্গে যোগ দিয়েছেন।
এই অবস্থায় বাংলাদেশের হয়ে কে গোল করবেন, কিংবা কীভাবে গোল আসবে? প্রশ্নটা শুনে ডে একবাক্যে জেমি ডে বলে দিলেন, ‘আল্লাহর কাছে প্রার্থনা করুন।’
তবে ম্যাচের দিন নিজেদের ভালো খেলাটা দেখাতে পারলে অনেক কিছুই সম্ভব বলে মনে করেন বাংলাদেশ কোচ, ‘যারা ম্যাচের দিন ভালো করতে পারবে, তাদের সামনে সুযোগ আসবে সেরাটা দেওয়ার। আর আমাদের ভালো করতে হলে নিজেদের সাধ্যের বাইরে গিয়ে খেলতে হবে।’









