ইন্ডিয়ান সুপার লিগ ফুটবলে(আইএসএল) এখনও খেলার স্বপ্ন দেখেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। ২০১৯ সালে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে খেলে এসে সেই স্বপ্নের কথা জানিয়েছিলেন। পরে আর সেটি বাস্তবে রুপ নেয়নি। তবে গত বছর সেদেশের দ্বিতীয় সারির আই লিগে অভিষেক হয়েছে এই মিডফিল্ডারের। এবার অবশ্য আইএসএলে খেলার কথা উঠেছে তার। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সঙ্গে জামালের আলোচনায় নতুন করে সামনে চলে এসেছে এই প্রসঙ্গ।
কলকাতা মোহামেডানের আই লিগে ১২ টি ম্যাচ খেলছিলেন জামাল। আগামীকাল বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে শক্তিশালী ভারতের বিপক্ষে লড়বে তার দল। এর আগে ইন্ডিয়ান সুপার লিগ ফুটবলে অংশ গ্রহণ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার বিষয়টি নিজেই স্বীকার করছেন জামাল।
সেখানকার ক্লাবের সঙ্গে আলোচনা হলেও কোনও কিছু চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি। ৩১ বছর বয়সী জামাল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটকে দেওয়া এক মন্তব্যে তিনি বলেছেন, ‘এই মুহূর্তে পাকাপাকি কিছু হয়নি। তবে আমি মনে করি আইএসএলে যোগ দিলে সেটি ভালো হবে। কেননা বাংলাদেশে আইএসএলের ভালো অনুসারী আছে। ফুটবল নিয়ে এখানে উন্মাদনা কম নয়।'








