শুরুতে বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে বেশ ঘাম ঝরাতে হয়েছিল ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়ার। একপর্যায়ে এই দেশের জলকাদায় মিশে গেছেন। নিয়মিত ঘরোয়া ও আন্তর্জাতিক ফুটবল খেলে যাচ্ছেন। তিন বছর ধরে নেতৃত্ব দিচ্ছেন লাল-সবুজ দলকে। বাংলাদেশের ফুটবলের ‘পোস্টার বয়’ বলতে তাকেই বোঝায়। জামালের ঠিক এক বছর আগে পাকিস্তান দলে অভিষেক হয় ডেনমার্কে বড় হওয়া হাসান বশিরের। জামাল যতটা সাবলীলভাবে খেলছেন, তেমনটা পারছেন না পাকিস্তান দলের অধিনায়ক। তাই এই জায়গায় জামাল নিজেকে ভাগ্যবানই মনে করছেন।
পাকিস্তান ফুটবল ফেডারেশনে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে ফিফা থেকে সাসপেনশনের খড়গ নেমে আসে। এছাড়া অদূরদর্শিতার কারণে বেশি আন্তর্জাতিক ম্যাচও খেলা হয় না তাদের। পাকিস্তানের দ্য নিউজে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার নিয়ে জামালের প্রসঙ্গ টেনে হতাশা ঝেরেছেন হাসান। সাক্ষাৎকারে পাকিস্তান অধিনায়ক জানান, ‘আমি জামাল ভূঁইয়ার সঙ্গে কথা বলেছিলাম। বাংলাদেশের হয়ে সে কতগুলো ম্যাচ খেলেছে, অধিনায়কত্ব করেছে- এসব নিয়ে। সে বললো, ৬০ থেকে ৭০টি ম্যাচ খেলেছে, অভিষেকের পর থেকে। জামালের অভিষেক হয়েছে আমার এক বছর পর। অথচ আমি এরমধ্যে খেলেছি ২০ থেকে ২১টি ম্যাচ। এটা আমাদের জন্য লজ্জা ও বিব্রতকর। এটা দুঃখজনকও। এই অবস্থাটা আমাদের সবকিছু শেষ করে দিচ্ছে।’
জামালের অন্তত হাসানের ভাগ্য মেনে নিতে হয়নি। তাই নিজেকে সৌভাগ্যবানও ভাবতে পারেন এই মিডফিল্ডার। বাংলাদেশ অধিনায়ক বাংলা ট্রিবিউনের কাছে সেটা অকপটে স্বীকারও করে নিয়েছেন, ‘যদি হাসানের প্রেক্ষাপট চিন্তা করি, তাহলে তো আমি ভাগ্যবানই বলবো। এখানে নিয়মিত লিগ হয়। আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারছি। এইসব আয়োজনের জন্য সালাউদ্দিন ভাইকে (বাফুফে সভাপতি) ধন্যবাদ দিতেই হয়। আমাদের তো আর ওদের (পাকিস্তানের) মতো সমস্যা নেই।’
পাকিস্তান অধিনায়কের সঙ্গে জামালের মাঝেমধ্যে বার্তা আদান-প্রদান হয়ে থাকে। পাকিস্তানে খেলতে না পারার দুঃখ হাসান জানিয়েছেনও জামালকে। যেটি বাংলাদেশ অধিনায়ক ভাগাভাগি করেছেন বাংলা ট্রিবিউনের কাছে, ‘হাসানের সঙ্গে আমার মাঝেমধ্যে মেসেজে কথা হয়। ওদের গোলকিপার ইউসুফ ভাটও আছে। ডেনমার্কে বড় হয়েছে। ওরাই বলেছে, ওদের ফেডারেশনে নাকি দুটি কমিটি। যে কারণে ঠিকমতো চলছিল না। ফিফার নিষেধাজ্ঞা নেমে আসে। আমরা তো ভালো আছি। ওদের মতো সমস্যা নেই। পাকিস্তানের অধিনায়কের চেয়ে আমি অন্তত ভাগ্যবান। যদিও অন্য সব দেশে লিগ বা অন্য ম্যাচ হচ্ছে।’







