অতিবৃষ্টি ও লকডাউনের কারণে প্রিমিয়ার ফুটবল লিগ স্থগিত ছিল। প্রায় দুই সপ্তাহের বিরতির পর আবারও খেলা শুরু হয়েছে। তবে শেখ রাসেল ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের মধ্যে কোনও দলই জিততে পারেনি। গোলশূন্য ড্র হয়েছে। ১৭ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে শেখ রাসেল। ১৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে মুক্তিযেদ্ধা।
কয়েকদিনের বিরতিতে মাঠে সবুজ ঘাস দেখা গেছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বল দখলের পাশাপাশি আক্রমণও করেছে শেখ রাসেল। কিন্তু লক্ষ্যভেদ করতে পারেনি।
১৭ মিনিটে রাসেল গোলের সুযোগ পেয়েছিল। সেখান থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার জিয়ানকার্লো লোপেজ। ডান দিক দিয়ে আক্রমণে ওঠা এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের চিপ দ্রুত ছুটে এসে ব্লক করেন মোহাম্মদ রাজীব।
ছয় মিনিট পর ওবি মোনেকে দূরপাল্লার শট নিলেও তা জমে যায় রাজীবের গ্লাভসে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই শেখ রাসেলকে হতাশ করেন মোনেকে। ডান দিক দিয়ে বক্সে ঢুকে ফাহিম আহমেদ কাট ব্যাক ভালো জায়গায় পেলেও শট নিতে পারেননি এই নাইজেরিয়ান ফরোয়ার্ড। আগেই তা ক্লিয়ার করেন মুক্তিযোদ্ধার এক ডিফেন্ডার।
শেখ রাসেলের আক্রমণের বিপরীতে মুক্তিযোদ্ধা ফাঁকে ফাঁকে চেষ্টা করেছে। কিন্তু সফল হতে পারেনি। আইভরি কোস্টের ইব্রাহিম আবুর ক্রসে বাল্লো ফামুসার শট ঝাঁপিয়ে পড়ে ফেরান গোলকিপার আশরাফুল ইসলাম রানা। এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে দুই দলকে।








