জিয়ানলুইজি দোনারুম্মা এখন ইতালির অন্যতম হিরো। ইউরো চ্যাম্পিয়নশিপে এই ২২ বছর বয়সী গোলকিপারের অসামান্য নৈপুণ্যেই ট্রফি জিতেছে আজ্জুরিরা। ফাইনালে টাইব্রেকারের দুটি শট রুখে দিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন। এমন পারফরম্যান্সের পর দোনারুম্মার দিকে দৃষ্টি ছিল অনেকের। সেখানে সফল হয়েছে ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)।
দোনারুম্মাকে পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ করেছে তারা। ইতালিয়ান এই তারকা ফ্রি ট্রান্সফারে নেইমার-রামোসদের সতীর্থ হয়েছেন।
গত সপ্তাহে এসি মিলানের হয়ে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। সেখানে ছয় মৌসুমে খেলেছেন ২১৫টি ম্যাচ। পিএসজিতে যোগ দিয়ে উচ্ছ্বসিত দোনারুম্মা বলেছেন, ‘এই বিখ্যাত ক্লাবটির অংশ হতে পেরে আমি অনেক খুশি। নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমি তৈরি। জিততে চাই, সমর্থকদের আনন্দ দিতে চাই।’









