১৫ আগস্ট বাঙালির ইতিহাসের কলঙ্কিত একটি দিন। ১৯৭৫ সালে প্রথম প্রহরে সপরিবারে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঘাতকেরা সেই রাতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ২৬ বছর বয়সী শেখ কামালকেও হত্যা করে। আবাহনী লিমিটেডের প্রতিষ্ঠাতা সেই শহীদ শেখ কামালের ৪৬তম মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ এবারও দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আবাহনী লিমিটেডের ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে এই কর্মসূচি পালিত হবে।
কর্মসূচির মধ্যে রয়েছে, ১৫ আগস্ট রাত ১২টা এক মিনিটে ক্লাব ভবনে শহীদের প্রতিকৃতিতে পরিচালক, কর্মকর্তা ও খেলোয়াড়দের মাল্যদান এবং তার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত।
এছাড়া থাকছে জাতীয় ও ক্লাব পতাকা অর্ধনমিতকরণ, কালো ব্যাজ ধারণ ও দিনব্যাপী কোরআন তেলাওয়াত। সকাল ১০টায় মরহুমের বনানীস্থ মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ। একই দিন বাদ জোহর গরিব ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণসহ বাদ আসর ক্লাব ভবনে দোয়া।
উক্ত অনুষ্ঠানে সবাইকে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে যোগ দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।









