প্রথমার্ধের দুই গোলে মালদ্বীপের মাঝিয়াকে হারিয়েছে বসুন্ধরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২১, ০০:২৪আপডেট : ১৯ আগস্ট ২০২১, ০০:২৪

শুরুতে দেখে শুনে খেলছিল বসুন্ধরা কিংস। সময়ের সঙ্গে নিজেদের মেলে ধরতে সময় নেয়নি তপু-রবিনিয়োরা। প্রথমার্ধের দুই গোলেই ছিটকে দেয় স্বাগতিকদের মাঝিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবকে। সেই দুই গোলেই এএফসি কাপের ‘ডি’ গ্রুপে প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করেছে বসুন্ধরা।

বুধবার (১৮ আগস্ট) মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে বসুন্ধরা স্বভাবসুলভ আক্রমণাত্মক ফর্মেশনে খেলেনি। ৪-১-৪-১ ফর্মেশনে দেখেশুনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে। সফলও হয়েছে। যদিও শুরুর দিকে মালদ্বীপের লিগ চ্যাম্পিয়নরা গোলের সুযোগ পেয়েছিল। দ্বিতীয় মিনিটে সতীর্থের কাট ব্যাকে ইব্রাহিম আইসাম ক্রসবারের উপর দিয়ে উড়িয়ে মারেন। একটু পর খালেদ শাফিইর বাধার কারণে কাছের পোস্ট দিয়ে কর্নেলিয়া স্টুয়ার্ট সুবিধা করতে পারেননি, তার দুর্বল শট সহজেই তালুবন্দী করেন বসুন্ধরার গোলকিপার আনিসুর রহমান জিকো।

১১ মিনিটে মাঝিয়ার দুর্ভাগ্য। অধিনায়ক তপু বর্মনের ভুল পাস ধরে লং বল বাড়ান মাঝিয়ার এক খেলোয়াড়। অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণ নিয়ে বক্সের একটু ওপর থেকে মোহাম্মদ হামজার চিপে বল যায় ক্রসবারের উপর দিয়ে।

গুছিয়ে উঠে বসুন্ধরা ১৩ মিনিটে পাল্টা আক্রমণ করে। কিন্তু সতীর্থের কর্নার থেকে খালেদ শাফিইর হেড প্রতিপক্ষের এক ডিফেন্ডারের শরীরে লেগে পোস্টের বাইরে দিয়ে যায়।

প্রথমার্ধের ২৫ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বসুন্ধরা। যদিও সেটি ছিল আত্মঘাতী। নিজেদের অর্ধে থেকে খালেদ শাফিইর লম্বা থ্রু নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দৌড়েছিলেন আর্জেন্টাইন অস্কার বেসেরা, তার আগেই মাঝিয়ার অধিনায়ক মোহামেদ ইরুফান ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন! ইরুফানের শট গোলকিপার মামাখোনভ মিরজোখিদের উপর দিয়ে লক্ষ্যভেদ হয়েছে।

৩৯ মিনিটে বসুন্ধরা আরেক গোল করে চালকের আসনে। রবিনিয়ো ব্যবধান বাড়িয়ে দেন। এবারও অধিনায়ক ইরুফান অনেকাংশে দায়ী। রবিনিয়োকে আটকাতে পারেননি। মাঝিয়া অধিনায়কের কাছ থকে বল কেড়ে নিয়ে বক্সে ঢুকে ডান পায়ের জোরালো আড়াআড়ি শটে জাল কাঁপান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

৪২ মিনিটে বেসেরার শট পোস্টের বাইরে দিয়ে গেলে ব্যবধান বাড়ানো সম্ভব হয়নি।

বিরতির পর বসুন্ধরা আক্রমণ অব্যাহত রাখে। তবে গোল ব্যবধান বাড়ানো সম্ভব হয়নি। ৬০ মিনিটে রবিনিয়োর চিপে বেসেরার ব্যাক ভলি পোস্টের বাইরে দিয়ে যায়। দুই মিনিট পর আবারও এই স্কোরারের একটি শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৭৫ মিনিটে তার আরেকটি শট রুখে দিয়ে ব্যবধান বাড়াতে দেননি মাঝিয়ার গোলকিপার। ফাঁকে ফাকে চেষ্টা করেও গোল শোধ দিতে পারেনি মাঝিয়ার খেলোয়াড়রা। 

নিকট-অতীতে মালদ্বীপের মাঠে বাংলাদেশ জাতীয় দল কিংবা ক্লাব দলের জয় নেই। অবশেষে বসুন্ধরা ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে।

আগামী শনিবার গ্রুপে দ্বিতীয় ম্যাচে ভারতের বেঙ্গালুরুর বিপক্ষে লড়বে অস্কার ব্রুজনের দল। এর আগে দিনের প্রথম ম্যাচে এটিকে মোহনবাগান ২-০ গোলে বেঙ্গালুরু এফসিকে হারিয়েছে।

/টিএ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে