দলবদলের ঘণ্টা বাজতে চলেছে। পাগলাটে গ্রীষ্মকালীন দলবদলের উত্তেজনা তবু থামছে না। লিওনেল মেসি বার্সেলোনা ছেড়েছেন, এর চেয়ে বড় খবর আর থাকতে পারে না। অথচ সেই কাঁপন না থামতেই ক্রিস্তিয়ানো রোনালদো ফিরলেন ম্যানচেস্টার ইউনাইটেডে। তারপর আর কী থাকে! আছে, উত্তেজনা জিইয়ে রেখেছে কিলিয়ান এমবাপ্পের দলবদলের আলোচনা। শেষ ঘণ্টা বাজার আগে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দলবদল নাটক কোথায় মোড় নেয়, সেই দৃশ্য তো এখনও দেখা বাকি।
কিন্তু এই উত্তেজনা বড্ড একপেশে হচ্ছে। কারণ রিয়াল মাদ্রিদই কেবল দাম হাঁকাচ্ছে! এমবাপ্পের বর্তমান ক্লাব প্যারিস সেন্ত জার্মেইয়ে কোনও উচ্চবাচ্য নেই। বরং তারা নির্লিপ্ত। মেসিকে দলে নেওয়ার পর ওই আনুষ্ঠানিকতা সারতে ফরাসি ক্লাবটি এতটা ব্যস্ত যে এমবাপ্পের দলবদলের আলোচনায় আগ্রহই নেই। পরিস্থিতি এমন, মাদ্রিদের ক্লাবটিই কেবল বারবার ধাক্কাচ্ছে পিএসজির দরজা!
ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোলডটকমের খবর এমনই। ফরাসি ফরোয়ার্ডকে পেতে রিয়াল প্রচণ্ড আগ্রহ দেখালেও পিএসজি কোনও কথাই বলছে না। মুখে কুলুপ এঁটে আছে তারা। আর এজন্য নাকি স্প্যানিশ ক্লাবটি খেপেছে। আগস্টে দুই দফা প্রস্তাব করেছে রিয়াল। প্রথম দফায় ১৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব করেছিল। পরে অঙ্ক বাড়িয়ে ১৮০ মিলিয়ন ইউরোর আরেকটি প্রস্তাব পাঠায় লস ব্লাঙ্কোস। কিন্তু পিএসজি নাকি অর্থের দেনদরবারে যাচ্ছেই না। শোনা যাচ্ছে, আরেক দফা প্রস্তাব করতে যাচ্ছে রিয়াল। এবারের অঙ্কটা ২০০ মিলিয়ন ইউরো।
রিয়ালের হতাশার জায়গা অবশ্য অন্যখানে। পিএসজি এমবাপ্পেকে বিক্রি করতে চায় নাকি চায় না, সেটাই তারা বুঝতে পারছে না। কারণ বিক্রি করতে হলে অঙ্কটা কত চায়, সে ব্যাপারেও তাদের পরিষ্কার কোনও ধারণা দেয়নি প্যারিসের ক্লাবটি। এদিকে ইউরোপিয়ান সময় আজ (মঙ্গলবার) বন্ধ হয়ে যাচ্ছে দলবদলের জানালা। এই অবস্থায় এসেও কোনও সাড়াশব্দ নেই পিএসজির।
রিয়ালের প্রস্তাব তারা গ্রহণও করেনি আবার প্রত্যাখ্যানও করেনি। এমনকি তাদের স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে রাজি হননি। তবে সভাপতি নাসের আল খেলাইফি চ্যাম্পিয়নস লিগ ড্র অনুষ্ঠানে জানিয়েছিলেন, এমবাপ্পের ব্যাপারে তারা পরিষ্কার। যদিও রিয়ালের সঙ্গে গোটা্ ফুটবল বিশ্বকে অন্ধকারে রেখেছে পিএসজি কর্তৃপক্ষ।
এবার বিক্রি না করলে সামনের মৌসুমে ফ্রি এজেন্ট হয়ে যাবেন এমবাপ্পে। তখন কোনও অর্থ খরচ ছাড়াই সান্তিয়াগো বার্নাব্যুতে আনতে পারবে রিয়াল। পিএসজি এই আশঙ্কার মধ্যে থেকে রিয়ালের লোভনীয় প্রস্তাব গ্রহণ করবে নাকি আগামী মৌসুমের অপেক্ষায় থাকবে, জানা যাবে আর কিছুক্ষণ পরই।








