বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে জয়ের আশা জাগিয়ে ছিল বসনিয়া-হার্জেগোভিনা। প্রথমার্ধে আগে গোল করে এগিয়েও গিয়েছিল। কিন্তু এই লিড বেশিক্ষণ থাকেনি। তিন মিনিটের মাথায় দিদিয়ের দেশমের দল ম্যাচে সমতায় ফেরে। বিরতির পর দিদিয়ের দেশমের দল ১০ জনের দলে পরিণত হলেও স্কোরলাইনে কোনও হেরফের হয়নি। দুই দলই এক পয়েন্ট করে মাঠ ছেড়েছে।
ইউরোপিয় অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ে ‘ডি’ গ্রুপে চার ম্যাচে দ্বিতীয় ড্রতে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে করিম বেনজেমা-গ্রিজমানরা। বসনিয়া-হার্জেগোভিনা এক ম্যাচ কম খেলে দ্বিতীয় ড্রতে দুই পয়েন্ট পেয়েছে।
নিজেদের মাঠে বল দখলে ফ্রান্স এগিয়ে থাকে। তবে প্রথম গোলটি করেছে বসনিয়া। ম্যাচ ঘড়ির ৩৬ মিনিটে জেকো দলকে এগিয়ে নেন। গোলকিপার লরিস তাকে আটকাতে পারেননি।
তবে তিন মিনিট পর ফ্রান্স সমতায় ফেরে। আতোয়া গ্রিজমান লক্ষ্যভেদ করে দলের হার এড়ান। এমবাপ্পে-বেনজেমারা সুযোগ পেয়েও বল জালে জড়াতে পারেননি।
বিরতির পর তো ফ্রান্স একজন কম নিয়ে খেলেছে। ৫১ মিনিটে ডিফেন্ডার জুল কুন্দে দেখেছেন লাল কার্ড। ১০ জনের ফ্রান্সকেও অবশ্য আর গোল দিতে পারেনি বসনিয়া। ম্যাচ শেষ হয়েছে ড্র দিয়েই।








