তিন জাতি ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশ দল আগে থেকেই আছে কিরগিজস্তানে। জামাল ভূঁইয়াদের অনুপ্রাণিত করতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন আজ (বৃহস্পতিবার) দুপুরে সেখানে গিয়েছেন। সঙ্গে আছেন ফিফা কাউন্সিল সদস্য মাহফুজা আক্তার কিরণ।
আজ জেমি ডের দলের কোনও অনুশীলন নেই। তিন জাতির প্রতিযোগিতার প্রথম ম্যাচে আজই স্বাগতিক দল মুখোমুখি হবে ফিলিস্তিনের। সেই ম্যাচটি মাঠে বসে দেখবেন বাংলাদেশের খেলোয়াড়রা।
জাতীয় দলের ডিফেন্ডার রিয়াদুল হাসান রাফি ভিডিও বার্তায় বলেছেন, ‘আজ অনুশীলন নেই। আমাদের প্রথম ম্যাচ ফিলিস্তিনের বিপক্ষে, ৫ সেপ্টেম্বর। সেই ম্যাচকে সামনে রেখে কোচ অনুশীলন করাচ্ছেন। আজ ফিলিস্তিনের খেলা মাঠে বসে দেখবো। সেই ম্যাচ দেখে সামনের অনুশীলনে কাজ করা হবে। আর এই সময়ে বাফুফে সভাপতিকে আমাদের মাঝে পেয়ে আমরা অনুপ্রাণিত।’









