নেপালের রাজধানী কাঠমান্ডুতে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। পৌছেই করোনা পরীক্ষা করতে হয়েছে সফরকারীদের। কাল মঙ্গলবার ফল নেগেটিভ এলেই সেখানে অনুশীলন করার সুযোগ মিলবে সাবিনা-কৃষ্ণাদের।
নেপালের বিপক্ষে পোখরাতে ম্যাচ দুটি হওয়ার কথা ছিল ৯ ও ১২ সেপ্টেম্বর। এখন ম্যাচের ভেন্যু পরিবর্তন করে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেওয়া হয়েছে।
নেপাল থেকে দলের অন্যতম তারকা কৃষ্ণা রাণী সরকার ভিডিও বার্তায় বলেছেন, ‘আমরা ঠিকভাবে এসেছি। করোনা পরীক্ষা হয়েছে। কাল আশা করছি, অনুশীলন শুরু করতে পারবো।’
দুটি ম্যাচ খেলেই সাবিনাদের গন্তব্য উজবেকিস্তান। সেখানে এশিয়ান কাপ বাছাই পর্বে ‘জি’ গ্রুপে বাংলাদেশ ছাড়াও আছে ইরান ও জর্ডান। বাছাই থেকে ৮ গ্রুপের শীর্ষ দল যাবে চূড়ান্ত পর্বে। যেখানে আগে থেকেই অপেক্ষায় আছে গতবারের চ্যাম্পিয়ন জাপান, রানার্স-আপ অস্ট্রেলিয়া ও তৃতীয়স্থান অর্জনকারী চীন এবং স্বাগতিক ভারত।









