আড়াই বছর পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামলেও সেটি স্বস্তিদায়ক ছিল না বাংলাদেশের মেয়েদের। লড়াই করলেও নেপালের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ হেরেছে ২-১ গোলে। তবে এই হারের মধ্য দিয়ে নিজেদের পর্যালোচনার সুযোগটা পেয়েছে সাবিনারা। স্বাগতিকদের বিপক্ষে আবারও পরীক্ষায় নামতে হচ্ছে আজ। নেপালের বিপক্ষে রবিবার বিকাল সোয়া ৫টায় দশরথ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।
এই ম্যাচকে সামনে রেখে শনিবার আর্মি স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ দল। অনুশীলনে প্রথম ম্যাচের ভুল-ত্রুটি নিয়ে কাজ হয়েছে। মেয়েরা আশা করছে, আজ অন্তত আগের ম্যাচের ভুলগুলো হবে না। দলটির মিডফিল্ডার মিসরাত জাহান মৌসুমী আশা প্রকাশ করে এক ভিডিও বার্তায় বলেছেন, ‘আমরা নেপালে প্রস্তুতি ম্যাচ খেলতে এসেছি। এরপর উজবেকিস্তান যাবো। প্রথম ম্যাচ হয়ে গেছে। আড়াই বছর পর মাঠে নেমে ভুল ত্রুটিগুলো চিহ্নিত করেছি। নিজেদের অবস্থান বুজতে পেরেছি। আগামীকাল (আজ) ম্যাচ আছে। সবাই দোয়া করবেন। এই ম্যাচটি ভালোভাবে যেন শেষ করতে পারি।’
গোলকিপিং কোচ বিপ্লব ভট্টচার্যও আশাবাদী, ‘আমরা দ্বিতীয় ম্যাচে ভালো খেলার লক্ষ্য নিয়ে মাঠে নামবো। আশা করছি ইতিবাচক ফল হবে। আর মেয়েরা সামনের দিকে আরও উন্নতি করবে।’
দুটি প্রীতি ম্যাচ খেলে কাঠমান্ডু থেকে উজবেকিস্তান যাবে বাংলাদেশ। সেখানে এশিয়ান কাপের বাছাইপর্বে ইরান ও জর্ডানের মুখোমুখি হবে সাবিনারা।








