গত ২২শে ডিসেম্বর বাংলাদেশ ফুটবল ফেডারেশনে ভাঙচুরের ঘটনার দোষ স্বীকার করে বাফুফের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ। ক্ষমা প্রার্থনায় মন গলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। ক্ষমা প্রার্থনার পরিপ্রেক্ষিতে ক্লাবটিকে চলমান বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে অংশগ্রহণ অব্যাহত রাখার অনুমতি দিয়েছে বাফুফে। আজ বুধবার বাফুফে ভবনে সংস্থাটির নির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এ বিষয়ে বলেন, 'আরামবাগ বাফুফের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছে। তারা এটিও নিশ্চিত করেছে যে বাফুফের বিরুদ্ধে আদালতে তারা যে মামলাটি করেছিল তারা সেটি তুলে নেবে। একইসঙ্গে তারা বাফুফের কাছে ১৫ লাখ টাকার একটি চেক জমা দিয়েছে এবং তাদের ওপর বাফুফে অারোপিত ৩০ লাখ টাকা জরিমানা কমানোর আবেদন করেছে। সার্বিক দিক বিচার করে আমরা আরামবাগ ক্লাবকে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে খেলা চালিয়ে যাবার অনুমতি দিয়েছি। তাদের আর্থিক দণ্ড কমানোর ব্যাপারটিও আমরা ইতিবাচকভাবেই নিয়েছি।'
বাংলাদেশ জাতীয় দলের সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের ওপর তেমন কোনও আলোচনা হয়নি সভায়। এ প্রসঙ্গে বাফুফে সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী বলেন, 'আমাদের সামনে এসএ গেমস, জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড় আছের এসএ গেমসের দলে। এখানে কোন বিরুপ প্রভাব পড়ুক আমরা তা চাইনা। তাই গেমসে শেষ হওয়ার পর ম্যানেজমেন্টের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।'
সভায় আগামী ১লা মার্চ তিন বছর পর বাফুফের বার্ষিক সাধারণ সভার দিন ধার্য করা হয়েছে । এছাড়া স্পন্সর পাওয়া সাপেক্ষে আগামী মার্চের প্রথম সপ্তাহ থেকে দেশব্যাপী শেরে বাংলা কাপ ফুটবল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
/আরএম/এমআর/







