ফেভারিট আবাহনী-বসুন্ধরা, বাকিরাও কম কীসে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০২১, ১৭:১৮আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১৭:৪৭

গ্রুপ পর্বের লড়াই শেষ হয়ে গেছে। এখন নকআউটের লড়াই শুরুর অপেক্ষা। তবে স্বাধীনতা কাপে ট্রফি জয়ের এই লড়াইয়ে আটটি দলের মধ্যেই পাওয়া যাচ্ছে প্রতিদ্বন্দ্বিতার আভাস!

কোয়ার্টার ফাইনালের আগে কার শক্তি কেমন, কোন দল শিরোপা জেতার সামর্থ্য রাখে, এ নিয়ে খুঁটিনাটি বিশ্লেষণ করা হয়েছে। স্বাভাবিকভাবেই ফেভারিট দলগুলো বেশ এগিয়ে। আবাহনী লিমিটেড, বসুন্ধরা কিংস, শেখ রাসেল, শেখ জামাল ও সাইফ স্পোর্টিং শিরোপার লড়াইয়ে আছে। অঘটন ঘটানোর সামর্থ্য আছে বাকিদেরও। তাদের নিয়েই এই আয়োজন-

দুই ব্রাজিলিয়ানের সঙ্গে আবাহনীর ভরসা কলিনদ্রেস

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আবাহনী লিমিটেড। গ্রুপে দুটি ম্যাচের পারফরম্যান্স বিশ্লেষণ করলে তাদের অন্যতম ফেভারিট দল হিসেবে এগিয়ে রাখতেই হবে। আগের চেয়ে শক্তিশালী দল গড়েই এবার নিজেদের উপস্থিতি জানান দিয়েছে আকাশি-নীল জার্সিধারীরা।

স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে উঁচুমানের বিদেশিদের সংযোগ ঘটিয়ে আগের চেয়ে অনেক ক্ষুরধার দল আবাহনী। যাদের আক্রমণভাগ বেশ ঈর্ষণীয়। সেখানে রাশিয়া বিশ্বকাপ খেলা দানিয়েল কলিনদ্রেস তো আছেনই। দুই ম্যাচে ঝলক দেখানোর চেষ্টা করেছেন কোস্টারিকান এই ফরোয়ার্ড। যদিও সেরাটা দেখা যায়নি। হয়তো নকআউট পর্বের জন্য সব বারুদ জমিয়ে রেখেছেন।

তার সঙ্গে দুই ব্রাজিলিয়ানের কথাও আলাদা করে বলতে হবে। বিশেষ করে মিডফিল্ডার রাফায়েল অগাস্তো তো এই মুহূর্তে ঢাকার ফুটবলে সেরা মিডফিল্ডার। পায়ের কারিকুরি তাকে অন্যদের চেয়ে আলাদা করে ফুটিয়ে তুলেছে। স্কিলের দিক দিয়েও পিছিয়ে নন। অগাস্তোর পা থেকে বল কেড়ে নেওয়াই খুব কঠিন। সতীর্থের দিয়ে গোল করানোর পাশাপাশি নিজেও গোল করতে সিদ্ধহস্ত। দুই ম্যাচে দুই গোল করে তার ঝলকও দেখিয়েছেন। তাই বলতেই হচ্ছে প্রতিপক্ষের জন্য তিনি নিঃসন্দেহে বড় হুমকি। তার স্বদেশি ব্রাজিলিয়ান দোরিয়েন্তলও প্রথম ম্যাচে নিজের জাত চিনিয়েছেন। দুই গোল করে জাত স্ট্রাইকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। রহমতগঞ্জের বিপক্ষে ব্যাকহিল থেকে করা গোলটি তো দৃষ্টিনন্দন ছিল।

তবে আবাহনীর আক্রমণভাগ বেশ ক্ষুরধার হলেও রক্ষণ নিয়ে কিছুটা চিন্তা থেকেই যাচ্ছে। ডিফেন্ডার হিসেবে ইরানি মিলাদ শেখ সোলায়মানির যোগ দেওয়ার পরেও দুর্বলতা রয়ে গেছে কিছুটা। গ্রুপ পর্বে দুই গোল নিজেদের জালে ঢুকেছে। তাই নকআউট পর্বে তাদের বাড়তি সতর্ক হয়ে খেলতে হবে। তাহলেই ফেভারিট হিসেবে ট্রফি জয়ের জন্য এগিয়ে যাওয়া সহজ হবে।

গ্রুপ পর্বে বসুন্ধরার জয়ে বড় অবদান ছিল রবিনিয়োর (১০ নম্বর জার্সি)। বসুন্ধরায় রবিনিয়ো-ফেরনান্দেসের সঙ্গে আছেন ভ্রানিসও

স্বাধীনতা কাপের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। দলে স্থানীয় তারকাদের সঙ্গে রয়েছেন উঁচুমানের বিদেশি। প্রথম ম্যাচ ৬ গোলে জিতলেও ব্রুজনের দল পরের দুটি ম্যাচে মন ভরাতে পারেনি। জিততে বেশ বেগ পেতে হয়েছে। তার পরেও বসুন্ধরার জয়ে সবচেয়ে বড় ভূমিকা ছিল দুই ব্রাজিলিয়ান রবিনিয়ো ও ফেরনান্দেসের।

নাম্বার নাইন হিসেবে বসনিয়া ও হার্জেগোভিনার স্তোয়াইন ভ্রানিসকে আনা হলেও নামের প্রতি তিনি সুবিচার করতে পারছেন না। প্রথম ম্যাচে জোড়া গোল পেয়েছেন, পরের দুটিতে ছিল ধারাবাহিকতার অভাব। তারপরেও ফেভারিট হিসেবে বর্তমান চ্যাম্পিয়নরা অনেক এগিয়ে রয়েছে।

শেখ রাসেলের ভরসা পর্তুগিজের সঙ্গে ব্রাজিলিয়ান

স্থানীয়দের সংগ্রহ বিবেচনা করলে এগিয়েই আছে শেখ রাসেল। জাতীয় দলের একঝাঁক খেলোয়াড় রয়েছে তাদের। সেখানে পর্তুগিজ ও ব্রাজিলিয়ান ফুটবলার এনে একটা ভারসাম্য দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে। বিশেষ করে ব্রাজিলিয়ান এলতন মাচাদোকে ঘিরে ভরসাটা একটু বেশি-ই। বিমান বাহিনীর বিপক্ষে দুই গোল করে নিজেকে চিনিয়েছেন তিনি।

তবে ৭ পয়েন্ট নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করলেও তাদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। দলীয় নৈপুণ্যে মন ভরাতে পারেনি। হয়তো প্রি-সিজনে সেভাবে প্রস্তুতিটা হয়নি। তাই দলের কম্বিনেশনেও কিছুটা ঘাটতি চোখে পড়েছে। তবে দল হিসেবে বহু দূর যাওয়ার মতো সামর্থ্য তারা রাখে। দুই কোচ সাইফুল বারী টিটু ও জুলফিকার মাহমুদ মিন্টু তাই চেষ্টা করে যাচ্ছেন সাফল্য এনে দিতে।

শেখ জামালে ওতাবেকরাই ভরসা

অনেকের মতো শেখ জামাল ধানমন্ডি ক্লাবও আগের চেয়ে ভালো দল গড়েছে। মাঠের লড়াইয়ে সেটা প্রমাণ করারও চেষ্টা করে যাচ্ছে। তার পরেও স্প্যানিশ কোচ হুয়ান মার্টিনেজের অধীনে দল খারাপ করছে না। গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউট পর্ব শুরু করতে যাচ্ছে। তবে তাদের আক্রমণভাগ আগের মতো শক্তিশালী মনে হচ্ছে না। বিশেষ করে গাম্বিয়ান পা ওমর জোবে না থাকায় দুর্বলতা ঢেকে রাখা যাচ্ছে না। তার জায়গায় নাইজেরিয়ান চিনেদু ম্যাথিউকে নেওয়া হলেও এই ফরোয়ার্ড এখনও খেলা শুরু করেননি। তারপরও উজবেকিস্তানের ওতাবেক ভ্যালিয়েনভ দায়িত্ব কাঁধে নিয়ে খেলছেন। উইঙ্গার হলেও জায়গা পরিবর্তন করে খেলতে খুব পারদর্শী। দুই গাম্বিয়ান সোলায়মান সিল্লাহ ও সলোমান কিংও আছেন। তাদের ওপরই নির্ভর করছে দলটির ভবিষ্যৎ অগ্রযাত্রা। এখন দল হিসেবে খেলতে পারলে শেখ জামালও অন্যতম ফেভারিটের দাবি রাখে।

সাইফের হয়ে ব্যবধান গড়ে দিতে পারেন নাইজেরিয়ান উদোহ

সাইফ স্পোর্টিংয়ের ডাগ আউটে রয়েছেন আর্জেন্টিনার কোচ আন্দ্রেস ক্রুসিয়ানি। তাতে অন্তত লাতিন ঝলক দেখতে পাওয়ার কথা! অথচ পুরোপুরি সেই ঝলক দেখা যায়নি এখনও। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে তাদের ভরসা রাখতে হচ্ছে নাইজেরিয়ানদের ওপর। জাতীয় দলে খেলা ফরোয়ার্ড এমফন উদোহর কাছেই প্রত্যাশা একটু বেশি।

এছাড়া ফয়সাল আহমেদ ফাহিমও দুর্দান্ত খেলছেন। গ্রুপ পর্বে কোনও ম্যাচ না হারায় নকআউটে তাদের সঙ্গে পেরে ওঠা সহজ হবে না।

চমক দেখাতে পারে বাকিরাও

বিদেশি ফুটবলার ছাড়া খেলেই চমক দেখিয়েছে সেনাবাহিনী। ফিটনেসের দিক দিয়ে শেষ মিনিট পর্যন্ত লড়ার সামর্থ্য দলটির আছে। গ্রুপ পর্বের দুটি ম্যাচই যার সাক্ষী। যদিও শেষ ম্যাচে কিছুটা ছন্দপতন ঘটেছিল। নকআউট পর্বে এই দলটিও কঠিন পরীক্ষা নিতে পারে।

পুলিশ এফসিও তাই। ভালো মানের বিদেশি এনে লড়াই করার সামর্থ্য দেখিয়েছে তারা। স্বাধীনতা ক্রীড়া সংঘেরও একই অবস্থা। বিদেশি ফুটবলাররা ম্যাচের পার্থক্য গড়ে দিচ্ছেন। তাই এই দলগুলো শেষ পর্যন্ত চমক দেখালে অবাক হওয়ার কিছু থাকবে না।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের