সাইফ স্পোর্টিং থেকে এবারই প্রথমবারের মতো বসুন্ধরা কিংসে খেলতে এসেছেন আলোচিত ডিফেন্ডার ইয়াসিন আরাফাত। তরুণ এই ডিফেন্ডারের লক্ষ্যভেদেই বসুন্ধরা কিংসের সব টেনশন দূর হয়েছে। অতিরিক্ত সময়ের শেষ দিকে এসে ইয়াসিনের গোলেই বসুন্ধরা ফাইনালে জায়গা করে নিয়েছে। স্বাধীনতা কাপে বুধবার রাতে উত্তেজনাপূর্ণ সেমিফাইনালে বাংলাদেশ পুলিশ এফসিকে অস্কার ব্রুজনের দল হারিয়েছে ২-১ গোলের ব্যবধানে। আগামী ১৮ ডিসেম্বর ফাইনালে আবাহনী লিমিটেডের মুখোমুখি হবে বসুন্ধরা।
অতিরিক্ত সময়ে পুলিশ এফসির আল আমিন ১১৩ মিনিটে গোলকিপার জিকোকে একা পেয়ে তার গায়ে মেরে সুবর্ণ সুযোগ হারান। ম্যাচ শেষ হওয়ার এক মিনিট আগে অর্থাৎ ১১৯ মিনিটে রবিনিয়োর কর্নারে মাহবুবুর রহমানের সুফিলের হেডে ইয়াসিন আরাফাত আলতো টোকায় বসুন্ধরাকে ফাইনালে পৌঁছে দেন। ওভারল্যাপ করে উঠে এসে ইয়াসিন ঘরোয়া প্রতিযোগিতার পাশাপাশি জাতীয় দলের হয়েও এভাবে গোল করতে সিদ্ধহস্ত।
এর আগে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতা ছিল। কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের শুরুর দিকে পুলিশ এফসি গোল করে এগিয়ে যায়। ৮ মিনিটে দিল খুশখুশের ফ্রি-কিকে ব্রাজিলিয়ান ডিফেন্ডার দেনিলো অগাস্তো জোরালো হেডে লক্ষ্যভেদ করেন। গোল শোধে বসুন্ধরা চেষ্টা করতে থাকে।
১২ মিনিটে দুদলের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ফেরনান্দেস বল নেওয়ার জন্য ফেলে দেন প্রতিপক্ষের একজনকে। এরপর জটলার মধ্যে ইরানের ডিফেন্ডার খালেদ শাফিই ব্রাজিলিয়ান দানিলো অগাস্তোকে ধাক্কা দিলেও রেফারি মোহাম্মদ আলমগীর কোনও কার্ড দেখানোর প্রয়োজনবোধ করেননি!
পরের মিনিটে বসুন্ধরার জন্য দুঃসংবাদ। হঠাৎ ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফেরনান্দেস চোট পেয়ে মাঠেই শুয়ে পড়েন। ১৫ মিনিটে পূর্ব গ্যালারি থেকে বোতল মাঠে এসে পড়ে। খেলা কিছুক্ষণ বন্ধ ছিল।
৩১ মিনিটে বসুন্ধরা সমতায় ফেরে। ইব্রাহিমের কাটব্যাক থেকে ভ্রানিসের শট রক্ষণে বাধাপ্রাপ্ত হয়, ফিরতি বলে কোনাকোনি শটে সমতায় ফেরান ইব্রাহিমই।
বিরতিতে যাওয়ার আগমুহূর্তে রবিনিয়ো বক্সে ঢুকে দূরের পোস্ট দিয়ে মেরে সুযোগ নষ্ট করে দলকে এগিয়ে নিতে পারেননি।
বিরতির পরও বসুন্ধরার দাপট চলতে থাকে। কিন্তু এই অর্ধে কোনও দলই ব্যবধান বাড়াতে পারেনি।
৫১ মিনিটে রবিনিয়োর ফ্রি-কিকে ইয়াসিন আরাফাতের হেড গোলকিপার ফিরিয়ে দেন, ফিরতি বলে ইব্রাহিমের হেড কাকতালিয়ভাবে ডিফেন্ডার রকির মাথায় লাগলে বেঁচে যায় পুলিশ।
পুলিশ এফসি ৭৬ মিনিটে প্রতিপক্ষের ভুলে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। পোস্ট ছেড়ে বেরিয়ে আসা গোলকিপার আনিসুর রহমান জিকোকে পাস দেন ইয়াসিন আরাফাত, তবে তার আগেই দেনিলসন বল পেয়ে অন্য প্রান্তে দেন আমিরউদ্দিন শরিফিকে। কিন্তু এই আফগান স্ট্রাইকার লক্ষ্যে শট নেওয়ার আগেই বল ক্লিয়ার হয়।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে রকির শট ক্রসবারের ওপর দিয়ে গেলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেই হয় নিষ্পত্তি।








