ফেডারেশন কাপ ফুটবলে প্রথমবারের মতো খেলতে এসেছে স্বাধীনতা ক্রীড়া সংঘ। প্রথম ম্যাচ খেলতে এসে তিক্ত অভিজ্ঞতা হয়েছে তাদের। প্রতিপক্ষ বসুন্ধরা কিংস মাঠে না আসায় খেলাই হয়নি।
আজ (শনিবার) বসুন্ধরা-স্বাধীনতার ম্যাচ দিয়ে মাঠে গড়ানোর কথা ছিল ফেডারেশন কাপ। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে এসে স্বাধীনতা নিয়মানুযায়ী ওয়ার্মআপ করেছে। রেফারির সঙ্গে মাঠে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করে খেলোয়াড়রা অপেক্ষা থাকলেও হতাশই হতে হয়েছে তাদের। প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা যে মাঠেই আসেনি!
আজ (শনিবার) ম্যাচ রেফারি তার তিন সহকারী নিয়ে মাঠে ১৫ মিনিট অপেক্ষা করেছেন। শেষ পর্যন্ত ম্যাচ না হওয়ায় মাঠ ছাড়তে হয়েছে তাদের। ম্যাচের চূড়ান্ত ভাগ্য এখন ডিসিপ্লিনারি কমিটির হাতে। সেখানেই সিদ্ধান্ত হবে সবকিছুর।
তবে ম্যাচ কমিশনার আর আলম সংবাদমাধ্যমকে বলেছেন, ‘বাইলজ অনুযায়ী ১৫ মিনিট অপেক্ষা করেছি। এক দল আসেনি। তাই খেলা হয়নি। আমরা আমাদের রিপোর্ট বাফুফের কাছে জমা দেবো। সাধারণত এই পরিস্থিতিতে ওয়াকওভার হওয়ার কথা। তবে ফেডারেশন সিদ্ধান্ত নেবে এখন কী হবে।’
এদিকে আগের দিনই ফেডারেশন কাপে খেলবে না বলে বসুন্ধরা জানিয়ে দিয়েছিল। তাদের দাবির মুখে লিগ কমিটি ফিক্সচারও পরিবর্তন করেছে। কিন্তু দলটি আগের সিদ্ধান্তে অটল রয়েছে। মূলত দুটি কারণে অস্কার ব্রুজনের দল খেলবে না। শেষ মুহূর্তে খেলার ফরম্যাট বদল ও টুর্নামেন্টের ভেন্যু কমলাপুর স্টেডিয়াম পরিবর্তন না হওয়ায় তাদের এই সিদ্ধান্ত।
বসুন্ধরা কিংসের টেকিনক্যাল ডিরেক্টর বিএ জোবায়ের নিপু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা আগের সিদ্ধান্তেই আছি, ফেডারেশন কাপে খেলবো না। তাই দল মাঠে যায়নি।’









