ব্রেন্টফোর্ডের বিপক্ষে প্রিমিয়ার লিগে কষ্টের জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। তাতে পেপ গার্দিওলার দল এই বছরটা ৮ পয়েন্টের ব্যবধান নিয়ে শেষ করতে পারছে। শিরোপার সম্ভাবনাও হয়েছে উজ্জ্বল। কিন্তু নিকটতম প্রতিদ্বন্দ্বী চেলসি, লিভারপুল হওয়ায় শিরোপা নিয়ে এখনই নিশ্চিন্ত হতে পারছেন না সিটি কোচ। গার্দিওলার মতে, দুটি দল অসাধারণ হওয়ায় যে কোনও কিছুই হতে পারে!
১৬ মিনিটে ফোডেনের একমাত্র গোলে জয় নিশ্চিত হয় সিটির। টানা ১০ জয়ে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান শক্ত হলেও পেপ গার্দিওলা বলেছেন, ‘৮ পয়েন্ট ব্যবধান বাড়িয়ে নিয়েছি। তবে মনে রাখতে হবে, আরও ৫৪ পয়েন্টের জন্য আমাদের খেলতে হবে।’
সিটির জয়ের দিন ড্র নিয়ে মাঠ ছেড়েছে চেলসি। ২০ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে তারা উঠে গেছে দুইয়ে। লিভারপুলেরও সুযোগ ছিল ব্যবধান কমানোর। কিন্তু গতকাল তারা ১-০ তে হেরে যাওয়ায় ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে। সিটির সংগ্রহ এখন ২০ ম্যাচে ৫০ পয়েন্ট। তার পরেও পেপ গার্দিওলা মনে করেন, শিরোপা জয়ের পথ বাকিদের জন্যও উন্মুক্ত, ‘আমরা ম্যাচ জিতেছি, ভালো ফর্মে আছি। আমাদের জয়ের জন্য সবাই ভালো কথা বলছে। কিন্তু আমি মনে করি না কাজ শেষ হয়ে গেছে। বিশেষ করে চেলসি যারা কিনা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ও লিভারপুল- দুটি দলই খুব অসাধারণ।’









