জানুয়ারিতেই প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। প্রতিপক্ষ ছিল ইন্দোনেশিয়া। কিন্ত জাতীয় দলের সবাই করোনাভাইরাস টিকা না নেওয়ায় ম্যাচ দুটি হয়নি। তবে আগামী মার্চের তৃতীয় সপ্তাহে পরবর্তী ফিফা আন্তর্জাতিক ক্যালেন্ডারে খেলতে বদ্ধপরিকর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই সময় ত্রিদেশীয় ফুটবল সিরিজ হওয়ার ইঙ্গিতও দিয়েছেন সংস্থাটির সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।
এরই মধ্যে যাদের টিকা নেওয়া হয়নি তাদের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। ম্যাচ খেলার জন্য ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, লাওস ও কম্বোডিয়ার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাফুফে।
আজ (সোমবার) সংবাদমাধ্যমকে বাফুফে সাধারণ সম্পাদক সোহাগ বলেছেন, ‘আগামী মার্চে আমরা ফিফা প্রীতি ম্যাচ খেলবো। পাঁচটি দেশের সঙ্গে কথা চলছে। এমনও হতে পারে সুযোগ মিললে তিন দেশ নিয়ে সিরিজও খেলতে পারি। আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে সবকিছু ঠিক হবে বলে আশা করছি। এছাড়া খেলোয়াড়দের টিকা নেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে।’
প্রীতি ম্যাচ বা সিরিজ বাংলাদেশে কিংবা সুবিধা মতো যেকোনও দেশে হতে পারে বলে জানিয়েছেন বাফুফের এই কর্মকর্তা।









