করোনায় ভুগবার পর পুরোপুরি ফিট ছিলেন না। তাই আর্জেন্টিনার প্রাণভোমরা মেসিকে বিশ্বকাপ বাছাইয়ে দেখা যায়নি। তাতে দলটির ক্ষমতা নিয়ে কথা উঠলেও আর্জেন্টিনা দলগত পারফরম্যান্সে দেখিয়ে দিয়েছে, মেসি ছাড়া কোনও অংশে কম নয় তারা। জিতেছে দুটি ম্যাচেই। চিলিকে হারানোর পর সর্বশেষ কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়েছে আলবেসেলেস্তেরা।
অবশ্য মেসিহীন দুটি ম্যাচ জিততে অবদান ছিল লাউতারো মার্তিনেসের। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটিতে তো আলাদা প্রেরণা কাজ করেছে ইন্টার তারকার। এদিন ছিল মার্তিনেসের মেয়ের জন্মদিন। ২৯ মিনিটে কলম্বিয়ার জাল কাঁপানোর পর তার গোল উদযাপনেই ধরা পড়ে মুহূর্তের বিশেষত্ব। জার্সি উঁচিয়ে ধরলে গেঞ্জিতে লেখা মেয়ের প্রতি তার শুভেচ্ছা বার্তা ধরা পড়ে ক্যামেরায়।
তাই মেসি, রদ্রিগো দে পল না থাকার পরেও এই জয়টাকে আলাদা করে দেখছেন এমি মার্তিনেস-আনহেল দি মারিয়ারা। আর্জেন্টাইন গোলকিপার এমি মার্তিনেস সমালোচনার জবাবে বলেছেন, ‘যারা ছিল না, তাদের নিয়ে অনেক কথা হয়েছে। বলা হয়েছে আমরা তো পূর্ণশক্তির দল না। কিন্তু এই ম্যাচে দেখিয়ে দিয়েছি। আমরা শুধু ১১জন নই, একটি শক্তিশালী গ্রুপও।’
পুরো ম্যাচে আক্রমণে ত্রাস ছড়িয়েছেন দি মারিয়া ও মার্তিনেসরা। দি মারিয়া তো কয়েকবার সুযোগ তৈরি করেও গোল পাননি। মেসিহীন দুটি ম্যাচেই নিয়ন্ত্রণ ধরে খেলেছে তারা। দি মারিয়ার কাছে তাই মূল্যায়নটা গঠনমূলক, ‘আসলে কে খেলছে, তাতে কোনও কিছুর পরিবর্তন হয় না। তার পরেও আমরা একই ছন্দে থাকি একই মানসিকতায়। আজ আমরা যথেষ্ট ছাড় ও নম্রতা দেখিয়েছি। জানতাম ম্যাচটা কঠিন হবে। কিন্তু যা করতে চেয়েছি, তা করে দেখিয়েছি। এখন সামনে তাকাতে হবে।’








